বিদেশে প্রশিক্ষণে মন্ত্রণালয়ের স্থায়ী কর্মকর্তাদের পাঠানোর সুপারিশ
অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে প্রশিক্ষণে না পাঠানোর সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাংবাদিকদের বলেন, ~মন্ত্রণালয়ের অস্থায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ দিলে প্রশিক্ষণে প্রাপ্ত অর্জিত জ্ঞান থেকে মন্ত্রণালয় খুব বেশি লাভবান হয় না। কারণ তারা বদলি হয়ে যায়।
“প্রশিক্ষণে অর্জিত জ্ঞান থেকে সর্বোচ্চ সুফল পেতে মন্ত্রণালয়ের অস্থায়ী ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিবর্তে মন্ত্রণালয়ের স্থায়ী কর্মকর্তা, কর্মচারীদেরকে প্রয়োজনীয় বিদেশে প্রশিক্ষণে পাঠানোর সুপারিশ করা হয়।”
এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে ‘সামুদ্রিক মৎস্য বিল- ২০২০’ এবং ‘মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিল- ২০২০’ চূড়ান্ত করা হয়েছে।
সংসদে তোলার পর বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বৈঠকে দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতিকে সর্বোচ্চ গুরুত্ব আরোপের জন্য সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মন্ত্রণালয়ের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, মাহাবুব-উল-আলম হানিফ, ছোট মনির, নাজমা আকতার এবং কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।
