সরকারি কর্মচারী হাসপাতালকে নাসাল ক্যানুলা দিল বিদ্যুৎ বিভাগ
রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ এন-৯৫ মাস্ক এবং কোভিড-১৯ রোগীদের জন্য একটি হাই-ফ্লো নাসাল ক্যানুলা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের সচিব সুলতান আহমেদ মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
বিদ্যুৎ সচিব বলেন, বিদ্যুৎ বিভাগে জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের জন্য প্রায় ১৮টি সংস্থা, এজেন্সি ও কোম্পানি রয়েছে। কোম্পানিগুলোর সোশাল রেসপনসিবিলিটি (সিএসআর) আছে, সেখান থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৬ কোটি টাকা দেওয়া হয়েছে।
“আমরা আজ সরকারি কর্মচারী হাসপাতালে একটি হাই-ফ্লো নাসাল ক্যানুলা এবং ৫০০ এন-৯৫ মাস্ক হস্তান্তর করছি। বিদ্যুৎ বিভাগ ও এর অধীন কোম্পানিগুলোর সিএসআর থেকে কোভিড প্রশমনের উদ্যোগের অংশ হিসেবে এই উপকরণ সরকারি কর্মচারী হাসপাতালকে আমরা দিচ্ছি।”
সরকারি কর্মচারী হাসপাতালকে এসব সামগ্রী দেওয়ায় বিদ্যুৎ সচিবকে ধন্যবাদ জানান জনপ্রশাসন সচিব।
তিনি বলেন, “অনেকে হয়ত ধারণা থাকতে পারেন, এটি (সরকারি কর্মচারী হাসপাতাল) কেবল সরকারি কর্মচারীদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, তা কিন্তু নয়। আমরা নাম দিয়েছি সরকারি কর্মচারী হাসপাতাল, এখানে সরকারি কর্মচারীদের প্রায়োরিটি দেওয়া হবে।
“এর অর্থ কিন্তু এই নয় যে আমরা অন্য ব্যক্তি বা সম্মানিত নাগরিকদের এখানে সেবা প্রদান করি না। সকলের জন্য আমাদের হাসপাতালের দুয়ার খোলা।”
সচিব হারুন বলেন, ১৫০ বেডের এই হাসপাতালে ৭২ বেডের একটি কোভিড ইউনিট চালু করে সেখানে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট বসানো হয়েছে। বর্তমানে এ হাসপাতালে ছয়টি আইসিইউ রয়েছে। অন্যান্য চাহিদাগুলোও পূরণের চেষ্টা চলছে।
