২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেল থেকে পালানোর ৭ ঘণ্টা পর গ্রেপ্তার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার প্রায় সাড়ে সাত ঘণ্টার মাথায় সবুজবাগের কদমতলার একটি বাসা থেকে রাব্বী নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2020, 12:57 AM

Updated : 18 Aug 2022, 03:43 PM

সবুজবাগ থানার ওসি মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১১টার দিকে কদমতলার ‘সন্ত্রাসী’ রমজানের বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা ১৯ বছর বয়সী রাব্বী সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়।

ওসি মাহবুব বলেন, “এই ঘটনার পর সম্ভাব্য সব জায়গায় পুলিশ তৎপরতা শুরু করে। এক পর্যায়ে রাব্বীর এক ভাইকে কদমতলা এলাকায় পাওয়ার পর তাকে আটক করে জানা যায়, রাব্বীকে রমজানের বোনের বাসায় রেখে সে হ্যান্ডকাপ ভাঙ্গার জন্য মিস্ত্রির খোঁজে বের হয়েছে।

“পরে পুলিশ তাকে নিয়ে রমজানের বোনের বাসায় গিয়ে বাইরে থেকে তালা দেখতে পায়। এরপর আমরা তালা ভেঙে বাসার ভেতরে ঢুকে রাব্বীকে পাই।”

রাব্বীর বিরুদ্ধে সবুজবাগ থানায় মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

এই আসামি হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার পরপরই সবুজবাগ থানার এএসআই খায়রুল আলম এবং কনস্টেবল মাহবুব হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।