২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক অপশক্তি হিন্দুদের ‘ভারতে পাঠাতে’ চায়: হিন্দু মহাজোট

স্বাধীনতা ও সরকারবিরোধী ‘সাম্প্রদায়িক অপশক্তি’ দেশের হিন্দুদের ‘ভারতে পাঠানোর’ পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু মহাজোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2020, 06:28 PM

Updated : 18 Aug 2022, 03:41 PM

শুক্রবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

হিন্দু সম্প্রদায়কে নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের ‘কটূক্তির’ প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে হিন্দু মহাজোট।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায় বলেন, “হিন্দুদের ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি। বিদেশে বসে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশের সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছে। 

“তারা সবাই স্বাধীনতা ও সরকারবিরোধী শক্তি। তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। আজ দেশ হিন্দুশূন্য নয়, বরং হিন্দু নেতৃত্বশূন্য করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র। এ চক্রটি ঢাল হিসেবে ধর্মকে ব্যবহার করছে।“

অভিযোগে উল্লেখ করা হয়, ৯ অগাস্ট বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ‘ভাসানী অনুসারী পরিষদ’ আয়োজিত সমাবেশে বক্তব্য দেয়ার সময় ‘ইচ্ছাকৃত ও উদ্দেশ্যমূলকভাবে’ সনাতন ধর্ম ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ।

জাফরুল্লাহ মহাভারত ও রামায়ণ নিয়ে ‘কটূক্তি’ করেছেন অভিযোগ করে সম্প্রতি তার বিরুদ্ধে একটি মানহানীর মামলও হয়েছে চট্টগ্রামে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি তৈরি করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাগুলোর উদাহরণ টেনে শ্যামল রায় বলেন, “তারা পরিকল্পিতভাবেই হিন্দুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিচ্ছে। পুলিশ তদন্ত না করেই মৌলবাদী শক্তিকে খুশি করার জন্য হিন্দুদের গ্রেপ্তার করছে।

“পুলিশ প্রশাসনের এই ধরনের কাজ মৌলবাদকে শক্তি ও সাহস যোগাচ্ছে বলে আমরা মনে করি। এতে প্রমাণিত হয়, এখনও প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে মৌলবাদী চক্র।”

ধর্মীয় উসকানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মীয় সংখ্যালঘুদের গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে শ্যামল রায় বলেন, “আমরা মন করি, এটি একটি নতুন ও ডিজিটাল কৌশল। হিন্দু নেতাদের মুখ বন্ধ করার জন্য এই ধারা। বাস্তব অবস্থা দেখে মনে হয়, এই ধারা তৈরি হয়েছে, হিন্দু ও অসাম্প্রদায়িক চেতনার লোকদের দমন করার জন্য। “

হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী বলেন, “ডা.জাফরুল্লাহ চৌধুরীর মতো লোকও আজ হিন্দু ধর্মকে নিয়ে কটাক্ষ করে কথা বলছে। সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর প্রকাশ্যে এভাবে হিন্দুদের উপর বিষোদ্গার কেন করছে? এখানে রাষ্ট্র নির্বিকার।

“আর ওয়াজে তো হিন্দু ধর্মকে ছোট করা ও বিভিন্ন দেবদেবী নিয়ে বাজে মন্তব্য করা তাদের স্বভাবে পরিণত হয়েছে। এখানে তথ্যপ্রযুক্তি আইনের প্রয়োগ আমরা দেখছি না।”

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় ওসি প্রদীপ কুমার দাশ আসামি হওয়ার পর ‘মূল ঘটনাকে আড়াল করে হিন্দু সম্প্রদায়কে দোষারোপ করা হচ্ছে’ বলেও অভিযোগ করেন হিন্দু মহাজোটের নেতারা।

শ্যামল কুমার রায় বলেন, “টেকনাফের ঘটনায় প্রশাসনের ব্যক্তিগত অপকর্মের দায়ে গোটা হিন্দু সম্প্রদায়কে জড়িয়ে বিরূপ মন্তব্য করা হচ্ছে। আমরা মনে করি, প্রশাসনে কেউ যদি কোনো অপরাধ করে, সে দায় ব্যক্তির। তদন্তসাপেক্ষে দোষীদের শাস্তি আমরাও চাই। কিন্তু তার ধর্ম পরিচয়ে তাকে অপরাধী করে হিন্দু ধর্মকে কটাক্ষ করা হচ্ছে।”

হিন্দু সম্প্রদায়ের ‘অস্তিত্ব রক্ষায়’ জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও আসে হিন্দু মহাজোটের এই সংবাদ সম্মেলন থেকে।

জোটের সভাপতি প্রভাস চন্দ্র রায়, নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দেসহ কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।