স্ত্রী-সন্তান হত্যায় মৃত্যুদণ্ডের আসামি দুই যুগ পর খালাস
প্রায় দুই যুগ আগে বাগেরহাটে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগে জজ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে খালাস দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
জাহিদ শেখ নামের ওই ব্যক্তি গত ২০ বছর ধরে ‘কনডেম সেলে’ আছেন জানিয়ে তার আইনজীবী সারওয়ার আহমেদ বলেছেন, “আপিল বিভাগ রায়ের সংক্ষিপ্ত আদেশে আসামিকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছে।”
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আসামির করা জেল আপিল গ্রহণ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৪ সালে বাগেরহাটের ফকির হাট থানার উত্তর পাড়ার ময়েন উদ্দিনের মেয়ে রহিমার সঙ্গে খুলনার রূপসা থানার নারিকেলি চাঁদপুরের ইলিয়াছ শেখের ছেলে জাহিদ শেখের বিয়ে হয়।
জাহিদ শেখ ঘরজামাই থাকতেন। পরে তাদের সংসারে কন্যা সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় রেশমা খাতুন।
১৯৯৭ সালের ১৫ জানুয়ারি হত্যাকাণ্ডের তিন মাস আগে রহিমার বাবার বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি পাকা ঘরে বসবাস শুরু করে ওই দম্পতি।
১৬ জানুয়ারি বিকালে রহিমার মা আনজিরা বেগম মেয়ের বাড়ির দরজা ভেজানো অবস্থায় দেখতে পান। বাইর থেকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ভেতরে ঢুকে খাটের ওপর কাঁথা ও লেপের নিচে বাচ্চাসহ রহিমার লাশ পান তিনি।
রহিমার বাবা ময়েন উদ্দিন পরদিন ফকির হাট থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারে বলেন, তার মেয়ে ও নাতনির গলায় মাফলার দিয়ে গিঁট দেওয়া ছিল।
লাশ পাওয়ার আগে সেদিন সকালে ‘অনেকেই’ জাহিদ শেখকে টেম্পোতে করে খুলনার দিকে যেতে দেখেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
ময়েন উদ্দিনের অভিযোগ ছিল, তার মেয়ে ও নাতনিকে হত্যা করে পালিয়ে গেছেন জাহিদ শেখ।
১৯৯৮ সালের ১৯ নভেম্বর এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। তার আগেই ওই বছরের ১৮ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন জাহিদ শেখ। পরে জামিন পেয়ে পালিয়ে গেলেও আবার তিনি পুলিশের হাতে ধরা পড়েন বলে তার আইনজীবীর ভাষ্য।
হত্যাকাণ্ডের তিন বছরের মাথায় ২০০০ সালের ২৫ জুন বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালত আসামি জাহিদ শেখকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে ওই বছরের ২ সেপ্টেম্বর জেল আপিল করেন তিনি।
সে হিসাবে আসামি জাহিদ শেখ ২০ বছর ধরে কনডেম সেলে আছেন বলে জানান সুপ্রিম কোর্টে তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সারওয়ার আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এ মামলার ২১ জন সাক্ষীর মধ্যে প্রত্যক্ষ কোনো সাক্ষী ছিল না। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের আবেদন) ও জেল আপিলের শুনানি শেষে ২০০৪ সালের ৩১ জুলাই ফাঁসির রায় বহাল রাখে হাই কোর্ট।
ওই বছর ২৯ ডিসেম্বর হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে জেল আপিল করেন আসামি জাহিদ শেখ। গত সপ্তাহে সে আপিলের শুনানি শেষে মঙ্গলবার রায় দিল দেশের সর্বোচ্চ আদালত।
আইনজীবী সারওয়ার আহমেদ বলেন, জাহিদ শেখের সাথে বিয়ের আগেও রহিমার বিয়ে হয়েছিল। আগের ঘরে রহিমার একটি মেয়েও আছে, যে রহিমার বাবার বাড়িতেই থাকত।
“প্রেম করে জাহিদ শেখকে বিয়ে করার কারণে আগের স্বামী নাজিবুল ক্ষিপ্ত ছিল রহিমার উপর, যা রহিমার বাবা-মা এবং ভাইয়ের দেওয়া সাক্ষ্যে এসেছে। নাজিবুলই ষড়যন্ত্র করে রহিমা ও তার মেয়েকে হত্যা করেছে বলে আমরা যুক্তি দেখিয়েছি।
“তাছাড়া রহিমার মা-বাবা ও ভাই জজ আদালতে দেওয়া সাক্ষ্যে বলেছেন, জাহিদ শেখ তার স্ত্রী রহিমাকে ভালোবাসতো। শ্বশুর-শাশুড়িকে সে সম্মান করত। কোনো সময় সে যৌতুক দাবি করেনি এবং স্ত্রী রহিমার গায়ে কোনো কারণে হাত তোলেননি।”
আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত এই আইনজীবী বলেন, “জজ আদালতে নয় জন সাক্ষী বলেছেন, জাহিদ শেখ ও রহিমার মধ্যে ভালো সম্পর্ক ছিল। এমন সম্পর্ক থাকা অবস্থায় জাহিদ শেখ তার স্ত্রী ও দেড় বছরের মেয়েকে হত্যা করবে এটা বিশ্বাসযোগ্য না।
“সে হত্যা করেছে- এরকম প্রত্যক্ষ কোনো সাক্ষী ছিল না, তাছাড়া ঘটনার পারিপার্শ্বিকতায় এ হত্যাকাণ্ডের পেছনে রহিমার আগের স্বামী নাজিবুলের প্রতিই সন্দেহ তৈরি হয়। ফলে ‘বেনিফিট অব ডাউট’ থেকে আপিল বিভাগ আসামিকে খালাস দিয়েছে।”
