২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জ্য বিদ্যুৎকেন্দ্র চালু হলে ঢাকা পরিচ্ছন্ন হবে: স্থানীয় সরকারমন্ত্রী

আমিনবাজারে দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎ উৎপাদনের প্লান্ট স্থাপন হলে ঢাকার রাস্তাঘাটসহ যেখানে সেখানে আবর্জনা থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2020, 07:25 PM

Updated : 10 Oct 2022, 07:21 PM

আমিনবাজার ল্যান্ডফিল পরির্দশনে গিয়ে তাজুল ইসলাম বলেন, বিদ্যুৎ প্লান্ট স্থাপিত হলে সেখানে প্রতিদিন তিন হাজার টন ময়লা-আবর্জনা প্রয়োজন হবে।

“এত পরিমাণ ময়লা-আবর্জনা বিদ্যুৎ প্লান্টে দিলে ঢাকা শহরের যেখানে সেখানে ময়লা-আবর্জনার স্তুপ আর থাকবে না।”

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, চুক্তি হওয়ার ১৮ মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

“যদিও তারা এর থেকে কিছুটা সময় বেশি চেয়েছে। চূড়ান্ত চুক্তির সময় এই বিষয়টি ফয়সালা হবে। পরিবেশের উপর বিশেষ গুরুত্ব দিয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বর্জ্য বিদ্যুৎ প্লান্টের পাশে একটি ইকো পার্কও নির্মাণ করা হবে।”

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম জানান, এই ল্যান্ডফিলের মেয়াদ ছিল ২০১৯ সাল পর্যন্ত। এটাকে উপরের দিকে ৬০ ফুট বর্ধিত করা হচ্ছে।। ২০২১ সালের ডিসেম্বরের পরে এখানে আর ময়লা ফেলার জায়গা থাকবেনা। এজন্য আমিনবাজার ল্যান্ডফিলকে সুন্দর ব্যবস্থাপনায় আনা দরকার।

“প্রতিদিন যে আবর্জনা তৈরি হয় তা নিয়ে এখনই পরিকল্পনা নিতে হবে, যে ২০২২ সাল থেকে কোথায় ময়লা ফেলা হবে।”

এখানে জমি অধিগ্রহণ করে একটি ইকো পার্ক তৈরির কথাও জানান মেয়র আতিকুল ইসলাম।

“এখন ময়লা আমরা লিনিয়ার ইকোনমিতে ফেলি, আবর্জনা এনে এখানে ফেলে দেই। তখন হবে সার্কুলার ইকনোমি। সে ক্ষেত্রে বর্জ্য থেকে বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদন হবে। আমরা এখানে ৮০ একর জায়গা অধিগ্রহণ করে বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ইত্যাদি উৎপাদনে যাব। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে আমরা এক নতুন স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাব।”

এর আগে তারা আমিনবাজারে ডিএনসিসির যান্ত্রিক মেরামত কারখানা পরিদর্শন করেন।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।