‘টেকনিক্যাল’ পদে সাধারণ ক্যাডার থেকে পদায়নের প্রতিবাদ আইইবির
‘টেকনিক্যাল’ পদে ‘নন-টেকনিক্যাল’ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার প্রতিবাদ জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে ওই আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
বুধবার এক বিবৃতিতে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গত ১৮ অগাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডেটাবেইজ অ্যাডমিনিস্ট্রেটরের মত ‘টেকনিক্যাল’ পদে সাধারণ ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।
মনজুর মোর্শেদ বলেন, “নির্বাহী প্রকৌশলীর মত উচ্চতর প্রকৌশলী পদে দায়িত্ব পালনের আগে এন্ট্রি পদে সহকারী প্রকৌশলী এবং পরবর্তীতে উপ-বিভাগীয় প্রকৌশলী পদে সর্বনিম্ন দশ বছরের অভিজ্ঞতা প্রয়োজন পড়ে।
“এই পদগুলো পুরোপুরি কোর টেকনিক্যাল পদ এবং এইসব পদে নন-টেকনিক্যাল কর্মকর্তাদের দায়িত্ব দিলে টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছে আইইবি।”
এ ধরনের পদায়ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও ‘প্রতিবন্ধকতা’ তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করা হয় আইইবির বিবৃতিতে।
সেখানে বলা হয়, “অবিলম্বে এই আদেশ স্থগিত করে এসব কোর টেকনিক্যাল পদে অভিজ্ঞ কম্পিউটার প্রকৌশলীদের পদায়নের জন্য আইইবি জোর দাবি জানাচ্ছে।”
