ঢাকায় বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত
ঢাকার যাত্রাবাড়ীর শনির আখড়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম মাসুদ হোসেন (৪০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঠিকানা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ব্যবসায়ী মাসুদ হোসেনের মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।
পুলিশ বাসটি আটক এবং এর চালক রুবেলকে (২১) গ্রেপ্তার করেছে বলে জানান শাহিনুর।
তিন কন্যা সন্তানের জনক মাসুদ ডেমরার কোনাপাড়ায় পরিবার নিয়ে থাকতেন।
