বিদেশে পড়ার স্বপ্নে মহামারীর ঘা
বিদেশের উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীর। তবে সবার তা পূরণের সুযোগ থাকে না। নামি-দামি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার যোগ্যতা থাকলেও সামর্থ্য থাকে না। কিন্তু যোগ্যতা ও সামর্থ্য থাকলেও এবছর বিদেশে পড়ার সেই স্বপ্নে বাঁধ সেধেছে করোনাভাইরাস মহামারী।
কোভিড-১৯ এর কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের অধিকাংশ দেশে বিদেশি নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দূতাবাসগুলো নতুন করে ভিসা ইস্যু করছে না। ফলে যারা বিদেশে পড়ালেখা করতে চায় তারা দুশ্চিন্তায় রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসে ভর্তির সুযোগ পেয়েছেন ঢাকার বনানীর বাসিন্দা তারিন জামান। সেপ্টেম্বরের শেষে সেখানে গিয়ে তাকে ভর্তি হতে হবে। কিন্তু এখনো তিনি ভিসা পাননি।
তারিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্বপ্ন ছিল, বিদেশে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ব। অনেক যোগাযোগের পর ভর্তির জন্য অফার লেটারও পেয়েছি। কিন্তু স্বপ্নপূরণ হচ্ছে না। ভীষণ আপসেট আছি।
“বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রামণ, আমেরিকাতেও করোনাভাইরাসের সংক্রমণ। যেখানে প্রকোপ সেখানেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সেপ্টেম্বরের শেষ দিকে ভর্তি হতে হবে, ভিসা পাচ্ছি না। কী করব, মাথায় কিছুই ঢুকছে না।”
জাপানের একটি বেসরকারি কলেজে ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও আটকে আছে আল-আমীন মোহাম্মদের প্রবাসযাত্রা।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথে বাংলাদেশি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া ছবি।
তারিন ও আল-আমীনের মতো এমন অনেক শিক্ষার্থী আছেন যারা বিদেশে পড়াশুনার জন্য ভর্তি সংক্রান্ত সব কিছু চূড়ান্ত করেছেন। কিন্তু মহামারীর কারণে তারা অনিশ্চয়তা মধ্যে পড়েছেন।
ইউনেসকোর তথ্য অনুযায়ী, উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ থেকে বছরে প্রায় ৭০ থেকে ৯০ হাজার শিক্ষার্থী দেশের বাইরে যায়। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, যুক্তরাজ্য, ভারত, চীন, মালয়েশিয়া, জাপান ও নিউজিল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশই প্রধান গন্তব্য।
বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রাজধানীর ধানমণ্ডি, বনানী, গুলশান, রামপুরায় বেসরকারি পর্যায়ে বেশ কিছু পরামর্শক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করে থাকে। মহামারীর কারণে শিক্ষার্থী সংকটে পড়ে সেসব প্রতিষ্ঠানও কর্মহীন হয়ে পড়েছে।
এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সমিতি ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) তথ্য অনুযায়ী, বছরে ৮০ থেকে ৯০ হাজার শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষার জন্য তাদের কাছে পরামর্শ নিতে আসে।
ফ্যাকড-ক্যাবের সভাপতি কাজী ফরিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহামারীর প্রকোপে এখন শিক্ষার্থীরা সেভাবে পরামর্শ নিতে আসছেন না।
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর জুলফিকার নেওয়াজ ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন। মহামারীর কারণে তিনি ফিরতে পারছেন না। তবে তার পড়াশুনা থেমে নেই, অনলাইন ক্লাসে অংশ নিচ্ছেন তিনি।
ছবি: বিশ্ব ব্যাংক
এদিকে বিদেশে পড়তে যাওয়ার যোগ্যতা অর্জনে বিভিন্ন ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কোচিং স্কুলগুলোও মহামারীর কারণে প্রায় বন্ধ হয়ে পড়েছে।
বিদেশে উচ্চশিক্ষার জন্য ইংরেজি ভাষাসহ অন্যান্য যোগ্যতা যাচাইয়ে আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ লেগুয়েজ টেস্টিং সিস্টেম), টোফেল (টেস্ট অব ইংলিশ এজ এ ফরেন লেগুয়েজ), স্যাট (স্কলাসটিক অ্যাপটিটিউট টেস্ট), জিআরই (গ্রাজুয়েট রেকর্ড এক্সজামিনেশন) বা জি-ম্যাট (গ্রাজুয়েট ম্যানেজমেন্ট এডমিশন টেস্ট) পরীক্ষায় নির্দিষ্ট স্কোর পেতে হয়।
শিক্ষা বিষয়ক একটি বেসরকারি কনসালটেন্সি ফার্মের কর্মকর্তা রাশেদুল হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাসের কারণে এখন এসব পরীক্ষার কোচিংয়ে শিক্ষার্থী পাওয়া যায় না। এ থেকে বুঝে নিতে হবে কী নিদারুণ সংকটে আছেন সকলেই!
“বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থাকে সবারই। সবাই যেতে পারে না অর্থনৈতিক কারণে। এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে অর্থ থাকলেও আপনি যেতে পারছেন না।”
