দেশের জেলাগুলোর শ্রেণি হালনাগাদ
দেশের জেলাগুলোর শ্রেণি হালনাগাদ করেছে সরকার।
আট কিংবা এর বেশি উপজেলা সম্বলিত জেলাগুলোকে 'এ', পাঁচ কিংবা এর বেশি উপজেলা সম্বলিত জেলাগুলোকে 'বি' এবং পাঁচের কম উপজেলা সম্বলিত জেলাগুলোকে 'সি' শ্রেণিভুক্ত করা হয়েছে।
অবস্থানগত কারণে বেশি গুরুত্বপূর্ণ জেলাকে 'বিশেষ শ্রেণি'তে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই হালনাগাদে ‘বিশেষ’ শ্রেণিতে ৬টি, ‘এ’ শ্রেণিতে ২৬টি, ‘বি’ শ্রেণিতে ২৬টি এবং ‘সি’ শ্রেণিতে ৬টি জেলা পড়েছে।
সম্প্রতি ৬৪ জেলার শ্রেণি হালনাগাদের পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন নতুন উপজেলা সৃষ্টি হওয়ায় কোনো কোনো জেলার শ্রেণি পরিবর্তন ঘটেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, শ্রেণি অনুযায়ী জেলাগুলোতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, সরকারি ত্রাণ বরাদ্দ এবং সরকারি দপ্তরগুলোতে জনবল নিয়োগ দেওয়া হয়।
ঢাকা বিভাগের ঢাকা ও গাজীপুর জেলা দুটি ‘বিশেষ’ শ্রেণিভুক্ত হয়েছে।
কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ফরিদপুর ‘এ’ শ্রেণিতে থাকছে।
মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজবাড়ী ‘বি’ শ্রেণিতে রয়েছে।
মাদারীপুর থাকছে ‘সি’ শ্রেণিতে।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম জেলা থাকছে ‘বিশেষ’ শ্রেণিতে।
‘এ’ শ্রেণিতে থাকছে কুমিল্লা, রাঙামাটি, ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার।
বান্দরবান, ফেনী ও লক্ষ্মীপুর ‘বি’ শ্রেণিভুক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ
রাজশাহী জেলা থাকছে ‘বিশেষ’ শ্রেণিতে।
বগুড়া, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জ ‘এ’ শ্রেণিভুক্ত হয়েছে।
‘বি’ শ্রেণিতে থাকছে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট।
রংপুর বিভাগ
এ বিভাগে ‘বিশেষ’ শ্রেণিভুক্ত কোনো জেলা নেই।
রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম 'এ' শ্রেণিভুক্ত হয়েছে।
'বি' শ্রেণিতে থাকছে গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও।
খুলনা বিভাগ
খুলনা জেলা ‘বিশেষ’ শ্রেণিভুক্ত হয়েছে।
বাগেরহাট ও যশোর থাকছে 'এ' শ্রেণিতে।
'বি' শ্রেণিতে থাকছে সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।
'সি' শ্রেণিতে স্থান পেয়েছে চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর ও নড়াইল।
বরিশাল বিভাগ
এ বিভাগেও বিশেষ শ্রেণিভুক্ত কোনো জেলা নেই।
বরিশাল, পটুয়াখালী ‘এ’ শ্রেণিভুক্ত হয়েছে।
ভোলা, পিরোজপুর ও বরগুনা 'বি' শ্রেণিতে থাকছে।
ঝালকাঠি থাকছে 'সি' শ্রেণিতে।
সিলেট বিভাগ
এ বিভাগে ‘বিশেষ’ শ্রেণিভুক্ত কোনো জেলা নেই।
বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার প্রতিটিই ‘এ’ শ্রেণিভুক্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ জেলা ‘বিশেষ’ শ্রেণিভুক্ত হয়েছে।
নেত্রকোনা থাকছে 'এ' শ্রেণিতে।
জামালপুর ও শেরপুর ‘বি’ শ্রেণিভুক্ত হয়েছে।
