রংপুরের নতুন বিভাগীয় কমিশনার ওয়াহাব ভূঞা
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞাকে রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে সোমবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামকে গত ৯ জুলাই বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়।
ওয়াহাব এর আগে বরগুনা জেলার ডিসির দায়িত্ব পালন করেছেন। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে বিভিন্ন পদে ছিলেন তিনি।
নেত্রকোণায় জন্ম নেওয়া ওয়াহাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ত্বে মাস্টার্স ডিগ্রিধারী। তিনি বাংলাদেশ স্কাউটসের ফরিদপুর জেলার কমিশনার ছিলেন।
গত ১ মার্চ থেকে ব্যানবেইস এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আবদুল ওয়াহাব ভূঞা।
