সাহাবউদ্দিন মেডিকেলের এমডিসহ ৩ জন কারাগারে
করোনাভাইরাস পরীক্ষায় প্রতারণার অভিযোগের মামলায় ঢাকার গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) তিনজনকে পুলিশি জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
সাহাবউদ্দিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলাম, সহকারী পরিচালক ডা. আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিককে সোমবার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মশিউর রহমান।
তিনি তিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা করেন জামিনের আবেদন।
ফয়সাল আল ইসলাম
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের কর্মকর্তা এসআই লিয়াকত আলী জানিয়েছেন।
গত ২১ জুলাই গুলশান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিদের পাঁচ দিনের হেফাজতে পাঠিয়েছিল আদালত।
গত ১৯ জুলাই দুপুরে সাহাবউদ্দিন মেডিকেলে অভিযান চালিয়ে র্যাব ডা. আবুল হাসনাত ও শাহরিজ কবির সাদিককে গ্রেপ্তার করে। পরদিন গ্রেপ্তার করা হয় সাহাবউদ্দিনের ছেলে ফয়সালকে।
র্যাবের করা মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারের অনুমোদন না থাকার পরও র্যাপিড কিট দিয়ে করোনাভাইরাস পরীক্ষা করা, পরীক্ষা ছাড়াই ভুয়া প্রতিবেদন দেওয়া, সুস্থ রোগীকে ‘করোনাভাইরাস পজিটিভ’ দেখিয়ে হাসপাতালে ভর্তি করা, মেয়াদোত্তীর্ণ মেডিকেল সরঞ্জাম রাখাসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে।
রিজেন্ট গ্রুপের এমডিকে গ্রেপ্তারে পরোয়ানা
করোনাভাইরাস পরীক্ষার নামে রিজেন্ট হাসপাতালের জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের বিরুদ্ধে প্রতারণার নতুন এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
সুইডেনে পাঠানোর কথা বলে জাল ভিসা ও টিকেট গছিয়ে দেওয়ার অভিযোগে জামালপুরের লিটন মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে মাসুদ পারভেজের বিরুদ্ধে আদালতে মামলাটি করেন।
মাসুদ পারভেজ
সোমবার মামলা দায়েরের পর ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম পরোয়ানা জারির আদেশ দেন।
ভাটারা থানা পুলিশকে এই আদেশ তামিল করতে বলা হয়েছে। দৃশ্যত তাদের প্রতিবেদন দাখিলের পর পারভেজকে এই মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে।
বাদীর আইনজীবী আমিন ফেরদৌস আদালতপাড়ার সাংবাদিকদের বলেন, লিটন মিয়াকে সুইডেনে নিয়ে যাবেন বলে মাসুদ পারভেজ তার কাছ থেকে ২৮ লাখ ৪৫ হাজার টাকা নিয়েছিলেন। পরে বাদীকে ভিসা ও টিকিট দিলে তিনি তা নিয়ে বিমানবন্দরে গেলে কর্তৃপক্ষ সেটি জাল বলে ফেরত দেয়। এরপর মাসুদ পারভেজের কাছে টাকা ফেরত চাইলেও তা পাননি বাদী।
গত ১৪ জুলাই সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করে র্যাব। তার দেওয়া তথ্যে পরদিন সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করা হয়।
