মহামারীতেও সহিংসতার শিকার নারী পরিচ্ছন্নতাকর্মীরা: গবেষণা
করোনাভাইরাস মহামারীর ভেতর পয়ঃবর্জ্য অপসারণ কাজে নিয়োজিত নারীদের শতকরা ৪২ জন নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন বলে এক গবেষণায় উঠে এসেছে।
সংস্থার এই গবেষণায় দেখা গেছে, মহামারীর এই সময়ে বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নাকর্মীদের ৩৫.১ শতাংশ মৌখিক নির্যাতনের, ২০.৬ শতাংশ অবৈতনিক কাজে চাপের, ৫.২ শতাংশ নারী শারীরিক নির্যাতনের এবং ২.১ শতাংশ নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন।
বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করে আরও জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে ৪৮ ভাগ পয়ঃবর্জ্য কর্মীর আয় কমেছে, অথচ খরচ বেড়েছে ৭১ ভাগ কর্মীর।
বাংলাদেশ ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট (এফএসএম) নেটওয়ার্কের ‘পয়ঃবর্জ্য ও পরিচ্ছন্নতাকর্মীদের উপর করোনা মহামারীর প্রভাব’ শীর্ষক ওই সভায় প্র্যাকটিক্যাল অ্যাকশন, এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমন্টে অর্গানাইজেশন, ওয়াটার এইড বাংলাদেশ এবং ওয়াটার স্যানিটেশন ফর দ্য আরবান পুওর তাদের গবেষণার তথ্য তুলে ধরেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলোচনা ও গবেষণার তথ্য জানানো হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশন এবং আরও ৯টি পৌরসভায় চিত্র উঠে এসেছে প্র্যাকটিক্যাল অ্যাকশনের গবেষণায়।
সংস্থাটির আবসিক পরিচালক শওকত বেগম বলেন, “মহামারির শুরু থেকে অদ্যাবধি অর্ধেকেরও বেশি পরিচ্ছন্নতাকর্মী মূলত ধার করে সংসার চালাচ্ছেন। প্রতি ১০ জনে দুজন নারী বাড়িতে বা কর্মস্থলে ও সার্বিক স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে পারছেন না।”
গবেষণায় উঠে এসেছে, হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী স্থাপনাগুলোতেও নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যপস্থাপনা অত্যন্ত নাজুক।
এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমন্টে অর্গানাইজেশন পরিচালিত গবেষণায় দেখা যায়, প্রায় এক-তৃতীয়াংশ স্থাপনায় কার্যকর ও পরিচ্ছন্ন টয়লেটের বন্দোবস্ত নেই। এর মধ্যে ২০ শতাংশ জায়গায় সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা নেই এবং প্রায় ৬০ শতাংশ জায়গায় নারীদের মাসিককালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার সুযোগ নেই। প্রায় ৩৭ শতাংশ জায়গায় মেডিকেল পয়ঃবর্জ্য যথাযথ ব্যবস্থাপনা করা হয় না।
সংস্থাটির ওয়াশ প্রধান মার্ক পেরেজ বলেন, “স্বাস্থ্যসেবা প্রদান কেন্দ্রগুলোতে এই অবস্থা বেশিদিন বিরাজ করলে মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সময় লাগবে। আমরা আশা করি, এই গবেষণা থেকে উঠে আসা তথ্য সামগ্রিকভাবে এই খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।”
ওয়াটার এইড বাংলাদেশের আবসিক পরিচালক হাসিন জাহান বলেন “আমরা সবাই বাড়িতে থাকলেও পয়ঃবর্জ্য ও পরিচ্ছন্নতাকর্মীরা কিন্তু সীমিত সুরক্ষা সামগ্রী ও প্রশিক্ষণ নিয়ে ঠিকই প্রতিদিন সেবা দিয়ে যাচ্ছেন। ৩৭ শতাংশ কর্মী জানেন না যে আক্রান্ত হলে কোথায় চিকিৎসা পাবেন। ৩৯ শতাংশ কর্মী তাদের কর্মস্থলে সাবান দিয়ে হাত ধুতে পারেন না।
“আশ্চর্যজনক হলেও সত্যি যে, হাসপাতালের পয়ঃবর্জ্য পরিষ্কারের কাজে নিয়োজিত কর্মীদের মধ্যে ২৩ শতাংশই কাজের পরে হাত ধুতে পারেন না।”
পয়ঃবর্জ্য ও পরিচ্ছন্নতাকর্মীদের ব্যবসার বর্তমান করুণ চিত্র উঠে এসেছে ওয়াটার স্যানিটেশন ফর দ্য আরবান পুওরের (উসাপ) গবেষণায়।
উসাপের বাংলাদেশ পরিচালক আব্দুস শাহীন জানান, গত দুই মাসে সেপটিক ট্যাংক পরিষ্কারের চাহিদা কমেছে শতকরা ৮০ ভাগ। অপরদিকে এ পেশায় নিয়োজিত কর্মীদের জীবন-যাপন ব্যয় বেড়েছে শতকরা ১৬২ ভাগ।
মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ম্যাব) গুঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় এই ভার্চুয়াল আলোচনায় আরও বক্তব্য রখেন আইটিএন বুয়েটের পরিচালক অধ্যাপক ড. তানভির আহমেদ ও ম্যাবের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
