১১টি কোরবানির হাট বসাচ্ছে ঢাকা দক্ষিণ
করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ এখনও দেখা না গেলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ওই এলাকায় কোরবানির পশুর ১১টি হাট ইজারা দিয়েছে।
মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
হাটগুলো বসছে হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, উত্তর শাহজাহান পুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী মাঠ সংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশান ঘাট সংলগ্ন আশেপাশের খালি জায়গা, আফতাবনগর ইস্টার্ন হাউজিং ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন-১ ও ২ এর খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশেপাশে খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশেপাশে খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ সংলগ্ন আশেপাশের খালি জায়গা, ধূপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের পাশে ধোলাইখাল টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ সংলগ্ন আশেপাশে খালি জায়গা।
“এই ১১টি স্থানে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারাদারকে দেওয়া হয়েছে,” বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
দেশে করোনাভাইরাস সংক্রমণ দিনে দিনে বাড়তে থাকায় এবার ঢাকায় কোরবানির হাট না বসানোর সুপারিশ ছিল জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।
তা উপেক্ষা করলেও স্বাস্থ্যবিধি মেনে হাট বসানোর কথা বলছে সরকার।
