২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর থেকে রন ও দিপু সিকদারের জামিনের আবেদন

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে হত্যাচেষ্টার মামলায় হাই কোর্টে আগাম জামিন চেয়ে আবেদন কছেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 12:35 AM

Updated : 18 Aug 2022, 03:29 PM

তারা সিঙ্গাপুরে থেকে ভার্চুয়াল আদালতে এই আবেদন করেছেন জানিয়ে রাষ্ট্রপক্ষ বলছে, বিদেশ থেকে আবেদন করে জামিন পাওয়ার সুযোগ তারা দেখছেন না।

ওই মামলার পরপরই গত মে মাসের শেষ দিকে করোনাভাইরাস মহামারীর মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে দেশ ছেড়েছিলেন সিকদার পরিবারের এই দুই ছেলে।

তাদের জামিনের আবেদন বিচারপতি মো. আশরাফুল কামালের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চের সোমবারের কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে রয়েছে।

জামিন আবেদনের পক্ষে আইনজীবী হিসেবে আজমালুল হোসেন কিউসি, সাঈদ আহমেদ ও মুহাম্মদ সাইফুল্লাহ মামুনের নাম রয়েছে।

সংশ্লিষ্ট হাই কোর্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরুর পর গত তিন মাসে হাই কোর্টে আগাম জামিনের কোনো বিষয় আমি দেখিনি। আর আবেদনকারীরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করেছেন। আইনের দৃষ্টিতে দেশের বাইরে থেকে আগাম জামিন চাওয়ার সুযোগ নেই।”

Image
রন হক ও দিপু হক সিকদার

রন হক ও দিপু হক সিকদার

হাই কোর্টের সোমবারের কার্যতালিকায় রন ও দিপুর আবেদনটি আসার কথা জানিয়ে তিনি বলেন, “এই আসামিরা আছেন সিঙ্গাপুরে, তাদের আইনজীবী আজমালুল হোসেন কিউসিও আছেন সিঙ্গাপুরে। এছাড়া বাসেত মজুমদারও আইনজীবী হিসেবে আছেন।

“দেশের ভেতরে যারা আগাম জামিন প্রার্থী আছেন, তাদের একটি আবেদনও এন্টারটেইন করা হয় নাই (এই সময়ে), একটি উদাহরণও নাই। এই আবেদনটি নরমালি কার্যতালিকায় আসার কথা না। আরও অনেক পরে আসার কথা।”

বশির আহমেদ বলেন, “আদালতের জুরিসডিকশনের (এখতিয়ারের) বাইরে থেকে কেউ কোনো প্রতিকার আদালতে চাইতে পারে না। আমাদের সুপ্রিম কোর্টের জুরিসডিকশনের বাইরে তারা অবস্থান করছে। বাইরে অবস্থান করে কখনোই কেউ প্রতিকার চাইতে পারে না।”

রুন ও দিপুর কোনো আইনজীবীর সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলা যায়নি।

এক্সিম ব্যাংকের শীর্ষ কর্মকর্তাকে হুমকি, মামলা ন্যাশনালের পরিচালকের বিরুদ্ধে

এয়ার অ্যাম্বুলেন্সে দেশ ছেড়েছেন মামলার আসামি রন ও দিপু সিকদার

হত্যার হুমকি: রন সিকদারের গাড়ি জব্দ, মামলা ডিবিতে  

ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন ও দিপুর বিরুদ্ধে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে অপহরণ করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ১৯ মে গুলশান থানায় মামলা হয়।

এরপর গত ২৫ মে সিকদার গ্রুপের মালিকানাধীন একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে দুই ভাই ব্যাংককে পাড়ি জমান বলে খবর আসে।

দুই ভাইর বিদেশে পাড়ি জমানোর খবরে ব্যাপক আলোচনার মধ্যে ওই মামলা তদন্তের দায়িত্ব পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) রন সিকদারের একটি গাড়ি জব্দ করে।

পুরনো খবর:

এক্সিম ব্যাংকের শীর্ষ কর্মকর্তাকে হুমকি, মামলা ন্যাশনালের পরিচালকের বিরুদ্ধে