রাষ্ট্রপতির ছোট ভাইয়ের দাফন রোববার
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই মো. আবদুল হাইয়ের দাফন হবে রোববার।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের দাফন শনিবারের পরিবর্তে আগামী রোববার বাদ জোহর মিঠামইনে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হবে।”
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আবদুল হাই শুক্রবার প্রথম প্রহরে মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের দায়িত্বে ছিলেন আব্দুল হাই।
শনিবার মিঠামইনে তার দাফন হবে বলে আগে জানানো হয়েছিল। ঢাকায় কোন জানাজা হবে কী না সে বিষয়ে এখনও বঙ্গভবন থেকে কিছু জানানো হয়নি।
আবদুল হাইয়ের শরীরে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়। তাতে তার করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।
গত ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। গত কয়েকদিন তিনি ভেন্টিলেশনে ছিলেন।
ভেন্টিলেশনে থাকা অবস্থায় আবদুল হাইয়ের হার্ট অ্যাটাক হয়েছিল বলে আগেই জানিয়েছিলেন জয়নাল আবেদীন।
১৯৫৩ সালে জন্ম নেওয়া আবদুল হাই নয় ভাই-বোনের মধ্যে ছিলেন অষ্টম।
আবদুল হাই স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন ।
