২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচার: প্রয়োজনে ইন্টারপোলের ‘সহযোগিতা নেবে’ পুলিশ

যেসব মানবপাচারকারী বিদেশে অবস্থান করছেন তাদের দেশে ফিরিয়ে আইনের আওতায় আনতে ‘প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে’ বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2020, 02:10 AM

Updated : 18 Aug 2022, 03:28 PM

আইজিপির নির্দেশনা অনুযায়ী মানবপাচারের মামলার সর্বশেষ অগ্রগতি পর্যালোচনায় বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরে এক সভায় তিনি একথা বলেন।

সভাপতির বক্তব্যে মইনুর রহমান চৌধুরী বলেন, “সম্প্রতি লিবিয়ায় ১১ বাংলাদেশিসহ ২৬ জনকে হত্যার ঘটনার পর মানবপাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইজি নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে মানবপাচারের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এসব মামলায় জড়িত অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।”

Image
লিবিয়ায় নিহত এক বাংলাদেশির স্বজনদের আহাজারি। (ফাইল ছবি)

লিবিয়ায় নিহত এক বাংলাদেশির স্বজনদের আহাজারি। (ফাইল ছবি)

দেশ থেকে মানবপাচারের মত ঘৃণ্য অপরাধ বন্ধের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান অতিরিক্ত আইজিপি মইনুর।

“মানবপাচারের সাথে জড়িত যারা বিদেশে পলাতক তাদের গ্রেপ্তারে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা গ্রহণ করতে হবে,” বলেন তিনি।

গত ২৮ মে লিবিয়ার ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে একদল মানবপাচারকারী ও তাদের স্বজনরা। ওই ঘটনায় চার আফ্রিকান অভিবাসীও নিহত হন।

এই খবর প্রকাশের পর বাংলাদেশের পুলিশ প্রধান বেনজীর আহমেদ মানবপাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এর পরেই সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে। এ পর্যন্ত এ ঘটনায় ২৬টি মামলা হয়েছে এবং ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সভায় জানানো হয়।

২৬টি মামলার মধ্যে সিআইডি ১৫টি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৫টি, মাদারীপুর জেলা পুলিশ ৫টি এবং ঢাকা মহানগরীর একটি থানা পুলিশ একটি মামলার তদন্ত করছে।