আরও ৫টি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
নারায়ণগঞ্জ, নাটোর ও মেহেরপুরে পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এই তিন জেলার পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরিভিত্তিতে মতামত চেয়ে বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, নাটোরের সদর উপজেলায় ‘ডক্টর ওয়াজেদ আলী’ নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং নাটোরের সিংড়া উপজেলায় আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে ইউজিসিকে মতামত দিতে বলা হয়েছে।
এছাড়া মেহেরপুরের গাংনী উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্বাচনী এলাকা মেহেরপুরের সদর ও মুজিবনগর উপজেলায় আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়েও ইউজিসিকে মতামত দিতে বলা হয়েছে।
নারায়ণগঞ্জ, নাটোর সদর ও সিংড়া উপজেলা এবং মেহেরপুরের গাংনী উপজেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি পাওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আর মেহেরপুরের সদর ও মুজিবনগর উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে ডিও লেটার দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
ইউজিসির তথ্যানুযায়ী, দেশে এখন ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
