ঢাকার রেলপথে তিন মৃত্যু
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে মারা যান আল আমিন (১৯) নামের এক দিনমজুর। আর বাকি দুজন মারা যান বুধবার রাতে, তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিমানবন্দর রেলস্টেশন ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে কুড়িল রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়েন আল আমিন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম।
“আল আমিন যেখানে ট্রেন কাটা পড়েন তার কাছাকাছি জায়গায় আর বুধবার রাত ৮টার দিকে আরেকটি দুর্ঘটনায় দুজন মারা যায়।
“তাদের একজনের বয়স আনুমানিক ৪০, পরনে চেক শার্ট ও কালো প্যান্ট, আরেকজনের বয়স আনুমানিক ২০, তার পরনে ছিল লাল গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট।”
কোন দুটি ট্রেনে তারা কাটা পড়েন তা জানা সম্ভব হয়নি বলে জানান এসআই আমিনুল।
তিনটি মৃতদেহ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
