বগুড়ার আরডিএ মহাপরিচালক করোনাভাইরাসে আক্রান্ত
বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক মো. আমিনুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই অতিরিক্ত সচিব জানিয়েছেন, সোমবার বগুড়ার টিএমএসএস মেডিকেলে নমুনা দিয়ে মঙ্গলবার তার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার জ্বর নেই, একটু ঠাণ্ডা লেগে ছিল। ঠাণ্ডার সমস্যাটা আমার ছোটবেলা থেকেই। সঙ্গে হালকা কাশি ছিল, কাশিটা যাচ্ছিল না বলে পরীক্ষা করাই।”
সংক্রমণ ধরা পড়ার পর থেকে আরডিএ-তে নিজের বাংলোতেই আইসোলেশনে আছেন বলে জানান আমিনুল।
“এখানে আনেক কাজ চলে। গ্লভস ও মাস্ক পরেই তো সব ফাইলে সই করেছি। এর মধ্যে সিটি স্ক্যান করাতে যেতে হয়েছিল। কীভাবে যে হল বুঝতে পারছি না।”
স্ত্রী ও দুই ছেলে রাজশাহী থাকেন জানিয়ে আমিনুল বলেন, “যেহেতু মাঝে মধ্যে তাদের কাছে গিয়েছি, তাই বুধবার তাদেরও কোভিড-১৯ পরীক্ষা করানো হবে।”
বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আমিনুল এর আগে নাটোর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিরাজগঞ্জের জেলা প্রশাসক, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব, রাজশাহী বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার বিভাগের পরিচালক এবং রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের দায়িত্বে ছিলেন।
