২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধ চুরির অভিযোগে গ্রেপ্তার নার্স বরখাস্ত

চুরি করে ওষুধ বিক্রির অভিযোগে আটক হওয়া ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সিনিয়র নার্স তপন কুমার বিশ্বাসকে বরখাস্ত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 04:39 PM

Updated : 18 Aug 2022, 03:16 PM

মঙ্গলবার এ আদেশ হয়েছে জানিয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে এনএসআইয়ের হাতে কিছু ওষুধসহ গ্রেপ্তার হয়েছিল। মামলা হয়েছে বিষয়টি নিয়ে। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী আমরা তাকে বরখাস্ত করেছি।”

তপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তে একটা কমিটি করা হয়েছে জানিয়ে পরিচালক বলেন, “প্রতিবেদন আমরা দুয়েক দিনের মধ্যে নার্সিং সার্ভিসের ডিজির কাছে পাঠিয়ে দেব। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

গত ৯ জুন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল গেটের সামনে থেকে ওষুধসহ তপন কুমার বিশ্বাসকে গ্রেপ্তার করে এনএসআই। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

বার্ন ইউনিটের রোগীদের বিনামূল্যের ওষুধ চুরি করে দীর্ঘদিন ধরে খোলা বাজারে বিক্রির অভিযোগ ছিল। এদের ধরতে বেশ কিছু দিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল এনএসআই।

তপন কুমার বিশ্বাসকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকার ওষুধ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।