২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

দেশের ভেতরে বর্ষণ কমে এলেও উজানের পানির চাপে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2020, 08:50 PM

Updated : 18 Aug 2022, 03:16 PM

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্র বলছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে ব্রহ্মপুত্র নদ এবং দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীর পানি দ্রুত বাড়তে পারে।

দেশের ১০১টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৫৪টির পানির উচ্চতা সোমবার দুপুর পর্যন্ত বেড়েছে। ৪৪টি স্টেশনে কমেছে এবং ৩টি স্টেশনে পানির উচ্চতা অপরিবর্তিত রয়েছে। তবে কোনো পয়েন্টেই পানি বিপদসীমার উপরে যায়নি।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া বলেন, “গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়ছে যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানিও বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে।”

নদ-নদী পরিস্থিতির সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোয় পানি কমছে। কুশিয়ারা ছাড়া অন্য প্রধান নদীগুলোতে আগামী ৪৮ ঘণ্টা পানি কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে টানা পাঁচ দিন সমুদ্রবন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখার পর সোমবার তা নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু-কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

নোয়াখালীর মাইজদী কোর্ট ও খুলনায় গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

পুরনো খবর:

নীলফামারীতে তিস্তা বিপদসীমার উপরে
ভারি বর্ষণ অব্যাহত, পাহাড় ধসের সতর্কতা