চক্ষু বিশেষজ্ঞ জাহাঙ্গীর মুকুটের মৃত্যু
বাংলাদেশ আই হসপিটালের কনসালট্যান্ট ও ফ্যাকো সার্জন ডা. জাহাঙ্গীর আলম মুকুট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার ভোর রাত পৌনে ৪টায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়। এই চিকিৎসকের বয়স হয়েছিল ৫০ বছর।
সাবেক জাসদ ছাত্রলীগ নেতা ডা. জাহাঙ্গীর আলম মুকুটের মৃত্যুতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার শোক জানিয়েছেন।
বাংলাদেশ আই হসপিটালের কল সেন্টার প্রতিনিধি মোহাম্মদ হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অসুস্থ বোধ করায় রোববার রাতে ডা. জাহাঙ্গীর আলম মুকুটকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
“স্যারের হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে ভর্তি হলে ভোর রাতে সেখানেই মারা যান। গতকালও তিনি পুরো সুস্থ্ ছিলেন। হাসপাতালে রোগী দেখেছেন।”
ডা. জাহাঙ্গীর আলম মুকুট ১৯৯৬ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। জাসদ ছাত্রলীগের এই কলেজ শাখার সাবেক সভাপতি জাহাঙ্গীর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির (কাইয়ূম-চুন্নু) পাঠচক্র সম্পাদকের দায়িত্ব পালন করেন।
ডা, জাহাঙ্গীর আলম মুকুটের গ্রামের বাড়ি গাইবান্ধায়। তার বাবা-মা, স্ত্রী ও এক মেয়ে রয়েছে।
