ঢাকা দক্ষিণ সিটির তিন প্রকৌশলীর পদে রদবদল
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের তিনজন কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
সোমবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্সি মোহাম্মদ আবুল হাসেমকে সিভিল সার্কেলে বদলি করা হয়েছে।
সিভিল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিনকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলে বদলি করে পুর/যান্ত্রিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে থাকা খাইরুল বাকেরকে দেওয়া হয়েছে পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব।
আদেশে বলা হয়েছে, এই কর্মকর্তারা কোনো প্রকল্পের দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকলে তা বহাল থাকবে।
শেখ ফজলে নূর তাপস গত ১৬ মে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেওয়ার পরদিন করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে বরখাস্ত করেন।
এছাড়া অনিয়মের অভিযোগে আরও কয়েকজন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
