হেলিকপ্টারে ঢাকায় আনা হল ভোলার জেলা জজকে
করোনাভাইরাসে আক্রান্ত ভোলার জেলা জজ এবিএম মাহমুদুল হককে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ভোলা থেকে ঢাকায় আনা হয় বলে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, জেলা জজ মাহমুদুলের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হককে জানানো হলে তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে দ্রুত তাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন।
গত ১২ জুন থেকে ভোলায় নিজের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন এবিএম মাহমুদুল হক। ঢাকায় তাকে ইউনিভার্সাল মেডিকেলে ভর্তি করা হয়েছে।
