ভেজাল স্যানিটাইজার তৈরিতে জড়িত ৭ জন কারাগারে
করোনাভাইরাস মহামারীতে বাড়তি চাহিদার সুযোগ নিয়ে নকল ও ভেজাল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বাজারজাত করার ঘটনায় কোতয়ালী থানার মামলায় গ্রেপ্তার সাত জনকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।
তাদের হেফাজতে জিজ্ঞাসাবাদ ও জামিনের আবেদন নামঞ্জুর করে রোববার ঢাকার একজন মহানগর হাকিম মামুনুর রশীদ এ আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই হেলাল উদ্দিন জানান।
এরা হলেন- মোহসিন (২৪), আব্দুল কাদের (৫৯), ডালিম (২৪), আব্দুর রউফ (৪০), নূরু মিয়া (৫০), রতন মিয়া (৩৩) ও ইসমাইল আহমেদ।
শুক্রবার বাবুবাজার ও মিটফোর্ড এলাকায় অভিযানে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৯০০ লিটার নকল ও ভেজাল স্যাভলন ও ৫০০ লিটার নকল ও ভেজাল হেক্সিসল উদ্ধার করা হয়।
