২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যবিধি মেনে সংসদ চললে ‘ঝুঁকি কম’, বলছেন বিশেষজ্ঞরা

জাতীয় সংসদের বৈঠকে অংশ নেওয়া দুইজন সংসদ সদস্য কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় সংসদে অনেকের মধ্যে আতঙ্ক কাজ করলেও বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চললে সংসদ কক্ষ থেকে আইনপ্রণেতাদের সংক্রমিত হওয়ার ‘ঝুঁকি কম’।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2020, 06:36 PM

Updated : 08 Apr 2022, 12:58 AM

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং গণফোরামের মোকাব্বির খান করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে সংসদের বৈঠকে যোগ দিতে যাওয়া সংসদ সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে।

সংসদের মেডিকেল সেন্টারে শনিবার ২০ জন সংসদ সদস্যের নমুনা পরীক্ষা করে সবার নেগেটিভ এসেছে। রোববার আরও ৪৫ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সব মিলিয়ে মোট ১৭০ জন সংসদ সদস্যকে কোভিড-১৯ পরীক্ষা করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে, যাদের বিভিন্ন দিন বাজেট অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এখন পর্যন্ত ১৪ জন আইনপ্রণেতার করোণাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া সংসদ সচিবালয়ের প্রায় ১০০ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে করোনাভাইরাস মোকাবেলায় সরকারের গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন চলছে বলেই আমরা জানি। এখানে এমপি সাহেবরা দূরত্ব বজায় রেখে চলছেন। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের ঝুঁকি কম থাকে।”

সংসদ কক্ষে সংক্রমণের ঝুঁকি কম থাকলেও পরীক্ষা করার ওপর জোর দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, “আমি মনে করি যদি কোনো সন্দেহ থেকে যায়, তাহলে নিয়ম মেনে পরীক্ষা করে নেওয়া উচিত। এমপি সাহেবদেরতো আর পরীক্ষা করাতে সমস্যা নেই।”

এবার বাজেট অধিবেশন শুরুর আগে সংসদ সদস্যদের করোনাভাইরাস পরীক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে তখন তা আর এগোয়নি।

গত ১৫ জুন সম্পূরক বাজেট পাসের দিন বৈঠকে অংশ নেওয়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ১৭ জুন কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।  

১৫ জুন অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও ১১ জুন সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকেও যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে সভাপতিত্ব করেন। আরো ১০ জন মন্ত্রী এবং সমান সংখ্যক সচিব ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের সংক্রমণ শনাক্ত হয় ১৬ জুন। তিনি উপসর্গ নিয়ে ১৫ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। ১০ জুন চলতি অধিবেশন শুরুর দিন সংসদের বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি।

মহামারীর মধ্যে সংসদের চলতি অধিবেশনে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে। অধিবেশন কক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সাময়িকভাবে আসন ব্যবস্থা পাল্টানো হয়েছে।

সংসদ সদস্যদের একজন থেকে অপরজনকে অন্তত এক মিটার দূরে বসতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটি নিশ্চিত করতে অধিবেশনের দিন এমপিদের উপস্থিতি ৮০ থেকে ৯০০ জনের মধ্যে সীমিত রাখার উদ্যোগ নেওয়া হয়।

সংসদের বৈঠকে অংশগ্রহণকারী সকল সদস্যদের মাস্ক পরা বাধ্যতামূলক। এছাড়া সংসদ ভবনে প্রবেশের সময় তাপমাত্রা পরিমাপসহ অন্যান্য নির্দেশনা অনুসরণ করা হচ্ছে।

করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করে কার্যদিবস কমিয়ে আনা হয়েছে। বাজেট আলোচনার সময়ও কমিয়ে দেওয়া হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কিছু দিন আগে অবসরে যাওয়া ড. মুশতাক হোসেন এই সঙ্কটকালে সরকারকে পরামর্শ দিয়ে সহায়তা করছেন।

তিনি বলেন, “আক্রান্ত কোনো ব্যক্তির এক মিটারের কাছাকাছি কেউ যদি অন্তত ১৫ মিনিট অবস্থান করেন, তাহলে তিনি কন্ট্যাক্ট হিসেবে চিহ্নিত হবেন এবং তাকে কোয়ারেন্টিন করতে হবে। আর এক মিটারের বাইরে যদি কেউ থাকেন, তাহলে কোয়ারেন্টিন করতে হবে না।

“আমরা যতদূর জানি, সংসদ সদস্যরা মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে অধিবেশনে যোগ দিচ্ছেন। ধরে নিতে পারি অধিবেশন কক্ষে যাওয়ার আগে তারা সাবান দিয়ে হাত ধুয়েছেন এবং বের হওয়ার পরও একই কাজ করেছেন। আর এসব করে থাকলে তাদের ঝুঁকি কম থাকার কথা।”

মুশতাক বলেন, “অধিবেশন কক্ষে যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে তাতে ঝুঁকি কম বলাই যায়। কিন্তু অধিবেশনে ঢোকার আগে ও বের হওয়ার পরে তারা সব বিধি মেনে চলছেন কিনা সেটাও দেখতে হবে।”

শীতাতপ নিয়ন্ত্রিত সংসদ কক্ষ সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে কি না- এমন প্রশ্নে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “এটা ব্যাখ্যা করে বলা কঠিন। তবে সংসদ সদস্যরা যদি মাস্ক ব্যবহার করেন, সাবান দিয়ে হাত ধুতে থাকেন, দূরত্ব বজায় রাখেন, তাহলে সংক্রমণ হওয়ার কথা নয়।”

সরকারি দলের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদ সদস্যদের আসনের মধ্যে এক মিটারের বেশি দূরত্ব রাখা হয়েছে। আর যা যা বিধি আছে তার সবটাই মেনে চলা হচ্ছে। আশা করি সবার সুরক্ষা নিশ্চিত করা যাবে।”