২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসের ভুয়া সনদ: রিমান্ড শেষে ৪ জন কারাগারে

টাকার বিনিময়ে করোনাভাইরাস পরীক্ষার ‘ভুয়া সনদ সরবরাহকারী চক্রের’ চার সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2020, 08:41 PM

Updated : 18 Aug 2022, 03:15 PM

এ মামলার আসামি ফজল হক (৪০), মো. শরিফ হোসেন (৩২), মো. জামশেদ (৩০) ও মো. লিয়াকত আলীকে (৪৩) তিন দিনের রিমান্ড শেষে শনিবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই ফয়সাল মুন্সী।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ থেকে জানানো হয়।

গত ১৫ জুন ঢাকার মুগদা এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে র‌্যাব। তাদের কাছ থেকে করোনাভাইরাস পরীক্ষার বিপুল পরিমাণ ‘ভুয়া সনদ’, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার ও দুটি স্ক্যানার উদ্ধার করা হয়।

পরে তা‌দের বিরু‌দ্ধে প্রতারণা, প্রতারণার উদ্দেশ্যে জা‌লিয়া‌তিসহ ক‌য়েক‌টি অভিযোগ এনে মুগদা থানায় মামলা হয়। সেই মামলায় ১৬ জুন চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পায় পুলিশ।

পুরনো খবর:

করোনাভাইরাসের ভুয়া সনদ বিক্রিতে গ্রেপ্তার ৪