২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসের ভুয়া সনদ বিক্রিতে গ্রেপ্তার ৪

পরীক্ষা ছাড়াই করোনাভাইরাস নেগেটিভের ভুয়া সনদ তৈরি ও বিক্রির সাথে জড়িত চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 11:09 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

সোমবার রাজধানীর মুগদা এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পাশাপাশি বেশ কিছু কোভিড-১৯ নেগেটিভের ভুয়া সনদপত্র উদ্ধার করা হয় বলে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহের ফজল হক (৪০), বরিশালের মো. শরিফ হোসেন (৩২), কুমিল্লার মো. জামশেদ (৩০) ও মাদারীপুরের মো. লিয়াকত আলী।

র‌্যাব কর্মকর্তা রকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে ওই এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।  তাদের কাছ থেকে বিপুল পরিমাণ করোনাভাইরাস নেগেটিভের ভূয়া সনদপত্র, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার ও দুটি স্ক্যানার উদ্ধার করা হয়।

তিনি বলেন, “অসাধু ও জালিয়াত চক্রটি করোনাভাইরাসের নেগেটিভ সনদপত্র বিক্রির একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল। তারা জালিয়াতি করে ভুয়া এসব সনদ প্রস্তুত ও বিক্রি করে আসছিল।”

গ্রেপ্তার ওই চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালনকালে করোনাভাইরাস আক্রান্ত এবং এতে মৃত্যুবরণ করলে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়ার পর ভুয়া করোনাভাইরাস পজিটিভ সনদ তৈরি ও বিক্রিতে জড়িত অনেককে গ্রেপ্তার খবর আসে।

এদিকে লকডাউন শেষে অনেক প্রতিষ্ঠান কাজে যোগ দিতে কর্মীদের কাছে করোনাভাইরাস নেগেটিভের সনদ চাওয়ায় ভুয়া সনদ তৈরি-বিক্রির এই ঘটনা সামনে এলো।