২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালগুলোতে মশা নিধনে নামছে ডিএনসিসি

হাসপাতালগুলোতে মশা নিধনের কাজ শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2020, 09:47 PM

Updated : 18 Aug 2022, 03:14 PM

শনিবার শুরু হওয়া এ বিশেষ মশকনিধন কর্মসূচি চলবে সপ্তাহব্যাপী।

হাসপাতালে থাকা রোগী ও চিকিৎসাকর্মীদের ডেঙ্গু থেকে মুক্ত রাখতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে ডিএনসিসি জানিয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, হাসপাতালগুলোতে অনেক সময় রোগীদের জন্য মশারি থাকে না বা টানানো হয় না। সেখানে একজন ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেকের আক্রান্ত হওয়ার আশংকা থাকে।

এজন্য হাসপাতাল এলাকায় এইডিস মশার বিস্তার রোধে আগামী এক সপ্তাহ হাসপাতাল এবং এর আশপাশের এলাকায় বিশেষ মশক নিধন কার্যক্রম চালানো হবে। প্রতিদিন সকালে লার্ভিসাইডিং এবং বিকালে অ্যাডাল্টিসাইডিং করা হবে।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন জানান, কোভিড-১৯ প্রাদুর্ভাবের এই সময়ে ডেঙ্গু যেন ছড়াতে না পারে সেজন্য এই ব্যবস্থা নিয়েছেন তারা।

“বিশেষজ্ঞদের অনেকে বলছেন করোনাভাইরাসের সঙ্গে ডেঙ্গু ছড়িয়ে পড়লে একটা বিপর্যয়ের ক্ষেত্র তৈরি হবে। সে কথা বিবেচনা করে আমরা এখনও নগরবাসীকে সচেতন করছি। হাসপাতালগুলোয়ও আমরা পরিচ্ছন্নতা অভিযান শুরু করছি, যেন সেখানে মশার বিস্তার না ঘটে।

“অ্যাডাল্টিসাইডিং এবং লার্ভিসাইডিংয়ের পাশাপাশি আমরা অন্যান্য পরিচ্ছন্নতার কাজও করব। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলব তারা যেন হাসপাতাল এলাকা সব সময় পরিষ্কার রাখতে উদ্যোগী হন।”