শিল্পকলা টিকিয়ে রাখতে অনলাইনে সক্রিয়তা বাড়ানোয় জোর সংস্কৃতি প্রতিমন্ত্রীর
করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড যখন স্থবির হয়ে আছে, সেই সময় লাইভ স্ট্রিমিং পারফরমেন্স ও ডিজিটাল কালচারাল ট্যুরিজমের মাধ্যমে শিল্পকলা ও সংস্কৃতি চর্চা ধরে রাখার আশা করছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বুধবার ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর সংস্কৃতিমন্ত্রীদের নিয়ে ‘কোভিড-১৯ সংকটের প্রেক্ষিতে টেকসই সাংস্কৃতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক বিশেষ ভার্চুয়াল কনফারেন্সে যোগ দিয়ে তিনি একথা বলেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-আইসেস্কো এই ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করে।
করোনাভাইরাস মহামারীর মধ্যে থমকে থাকা সাংস্কৃতিক কর্মকাণ্ড গতিশীল করতে প্রযুক্তি সহায়তায় গুরুত্বারোপ করেন কে এম খালিদ।
তিনি বলেন, “লাইভ স্ট্রিমিং পারফরমেন্স এবং ডিজিটাল কালচারাল ট্যুরিজমের মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী শিল্পকলাসমূহ এ সংকটে টিকে থাকবে বলে আশা করি।
“ডিজিটাল কালচারাল ট্যুরিজমের প্রসারে প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যগত স্থাপনা এবং জাদুঘরগুলোতে ভার্চুয়াল পরিদর্শন চালুর চিন্তাভাবনা করা যেতে পারে।”
সংস্কৃতি খাতে করোনাভাইরাসের প্রভাব নিরসনে সম্পদ আহরণ এবং সুবিন্যস্ত কর্মকাঠামো তৈরি করা এখন ‘বড় চ্যালেঞ্জ’ হয়ে দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
কর্মকাঠামো বাস্তবায়নে ভার্চুয়াল প্ল্যাটফর্ম গুগল আর্ট অ্যান্ড কালচার ব্যবহার করে স্থাপনা ও জাদুঘরগুলোর থ্রি-ডি ডকুমেন্টেশন তৈরির পরামর্শ দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
বাংলাদেশে সংস্কৃতি খাতকে টিকিয়ে রাখতে বিভিন্ন সাহিত্য ও শৈল্পিক সৃজনশীলতাভিত্তিক কিছু প্রকল্প নেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানান কে এম খালিদ।
তিনি বলেন, “সম্ভাব্য অংশীজনদের নিয়ে ডিজিটাল নেটওয়ার্কিং তৈরি এবং সামর্থ্য বৃদ্ধির চেষ্টা করছি। কিন্তু এর জন্য প্রয়োজন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা। ইউনেস্কো ও আইসেস্কো এক্ষেত্রে সামনে এগিয়ে এসে প্রয়োজনীয় সহযোগিতার হাত সম্প্রসারিত করতে পারে।
“আমাদের প্রচেষ্টাকে একীভূতকরণের জন্য আমাদের উচিত আন্তঃরাষ্ট্রীয় সংলাপের সূচনা করা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ সংকট মোকাবেলা করার মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ও সৃজনশীল খাতকে পুনরুদ্ধারের এখনই উপযুক্ত সময়।”
বাংলাদেশ সময় বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে আইসেস্কোর সদস্যভুক্ত ৫৪টি দেশের সংস্কৃতিমন্ত্রীরা অংশগ্রহণ করেন।
সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও জ্ঞান উন্নয়ন মন্ত্রী নাওরা আল কাবিরের সভাপতিত্বে তিন ঘণ্টার এ বিশেষ ভার্চুয়াল কনফারেন্স পরিচালনা করেন আইসেস্কোর মহাপরিচালক সেলিম এম আল মালিক।
কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন ওআইসির সেক্রেটারি জেনারেল ইউসুফ বিন আহমদ আল ওথাইমিন, ইউনাইটেড নেশন অ্যালায়েন্স অব সিভিলাইজেশসনের ঊর্ধ্বতন কর্মকর্তা মিগুয়েল অ্যাঞ্জেল মোরাটিনোস এবং ইউনেস্কোর সংস্কৃতি বিষয়ক সহকারী মহাপরিচালক আর্নেস্টো অটোনে রেমিরেজ।
