ইসির অন্তত ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অন্তত সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে একজন সহকারী সচিব রয়েছেন বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। বাকিদের মধ্যে
একজন সহকারী প্রোগ্রামার, একজন আনসার সদস্য, একজন স্টেনোগ্রাফার ও একজন পিয়ন রয়েছেন।
ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “আগারগাঁওয়ের ইসি সচিবালয়ের কয়েকজন ও মাঠ পর্যায় মিলিয়ে ৫-৭ জন আক্রান্তের তথ্য জেনেছি।”
আক্রান্তের পূর্ণাঙ্গ চিত্র পেতে ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের তথ্য পাঠাতে বলা হয়েছে বলে জানান তিনি।
সিইসিসহ নির্বাচন কমিশনের সদস্যরা ভালো রয়েছেন বলে জানান ইসি সচিব।
কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ইসিতে ৭৮ বছর বয়সী নির্বাচন কমিশনারও রয়েছেন।
সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম জানান, প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরের কেউ আক্রান্তের তথ্য নেই। সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও সতর্ক থেকে কাজ চলছে।
আলমগীর বলেন, “করোনা সংক্রমণের এ সময় স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজনীয় নির্দেশনাবলী অনুসরণ করেই আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে।”
ইসির অধীনে ১০টি আঞ্চলিক অফিস, জেলা অফিস ও উপজেলার পযায়ে পাঁচ শতাধিক অফিস এবং এনআইডি সার্ভার স্টেশন রয়েছে। কেন্দ্রীয়ভাবে এনআইডি উইংও রয়েছে।
ইসি সচিব জানান, যারা আক্রান্ত হয়েছে তারা ঘরেই চিকিৎসা নিচ্ছেন। কোনো ধরনের অবনতিশীল পরিস্থিতি হয়নি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছে তারা।
সেই সঙ্গে কর্মরত সবাইকে সতর্ক ও সীমিত পরিসরে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন ভবন
উপনির্বাচন নির্ধারিত সময়ের পর
করোনাভাইরাস মহামারীর মধ্যে আটকে থাকা উপনির্বাচন নির্ধারিত ৯০ দিনের মেয়াদে করা সম্ভব হবে না বলে প্রজ্ঞাপন করেছে নির্বাচন কমিশন।
দৈব দুর্বিপাক বিবেচনায় প্রধান নির্বাচন কমিশনারের ক্ষমতাবলে নির্ধারিত সময়ের পরবর্তী ৯০ দিনে ভোট করার জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
সংসদ সদস্যের মৃত্যুতে এপ্রিলে পাবনা-৪ আসন ও মে মাসে ঢাকা-৫ আসন শূন্য হয়েছে।
বুধবার ইসির জ্যেষ্ঠ সচিব আলমগীর বলেন, “আমরা এ সংক্রান্ত কমিশন সিদ্ধান্ত পেয়ে প্রজ্ঞাপন জারি করেছি। করোনার কারণে নির্ধারিত মেয়াদের ৯০ দিনের এ নির্বাচন সম্ভব হচ্ছে না। এ জন্যে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করা হবে। ”
এর ব্যাখ্যা তুলে ধরে তিনি জানান, এক্ষেত্রে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন হবে। যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।
“যদি করোনা পরিস্থিতির উন্নতি হয়। তা না হলে পরবর্তীতে দেখা যাবে।”
সম্প্রতি সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনটিরও উপনির্বাচনের বাধ্যবাধকতা আসবে।
এছাড়া আটতে থাকা চট্টগ্রাম সিটি এবং বগুড়া ও যশোরের উপ নির্বাচনও পরিস্থিতি বুঝে করা হবে বলে জানান ইসির জ্যেষ্ঠ সচিব।
“সিরাজগঞ্জ-১ আসন সম্প্রতি শূন্য হলো। ৯০ দিন তো আছেই; পরিস্থিতি ভালো না হলে পরবর্তী ৯০ দিনে হবে। আটকে থাকা সিটি ভোট ও উপনির্বাচনও যথাসময়ে সময় করবো; জুলাই-অগাস্টে করলে অসুবিধা হবে না”।
