২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা উত্তরের ৬৬% স্থাপনায় এইডিস মশার উপযোগী পরিবেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬৬ শতাংশের বেশি স্থাপনায় ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 11:42 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

আর সিটি করপোরেশনের ১০ ‍দিনের অভিযানে দেড় হাজারের বেশি বাড়িতে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে।

সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৬ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ৫৪টি ওয়ার্ডের ১ লাখ ৩৪ হাজার ১৩৫টি স্থাপনা পরিদর্শন করে ৮৯ হাজার ৬২৬টিতে এইডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পেয়েছে ডিএনসিসি। আর মশার লার্ভা পাওয়া গেছে ১ হাজার ৬০১টিতে।

শতকরা হিসেবে ৬৬ দশমিক ৬৮ শতাংশ স্থাপনায় মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ এবং ১ দশমিক ১৯ শতাংশ স্থাপনায় মশার লার্ভা পাওয়া গেছে।

এইডিস মশার লার্ভা পাওয়ায় এ পর্যন্ত ভবন মালিকদের ২৪ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে।

কোভিড-১৯ মহামারীর মধ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত টায়ার, বালতি, ফুলের টব, বোতল, পানির মিটার, গ্যারেজ, পানির হাউজ, মাটির পাত্র, ভাঙ্গা মগ, বাড়ির মেঝে, পানির ট্যাংক, প্লাস্টিকের পাত্র, ছাদের ড্রেন, দইয়ের পাত্র, পরিত্যক্ত কমোড, ডাবের খোসা, ভাঙ্গা পাতিল, বেইজমেন্টে এইডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে।

এইডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অভিযান শুরু হয় গত ৬ জুন। প্রথম পর্যায়ে অভিযানের শেষ দিন ১৩ হাজার ৩৬৮টি স্থাপনা পরিদর্শন করে ১৬০টিতে এইডিস মশার লার্ভা পাওয়া যায়। মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায় ৯ হাজার ৩৫টি স্থাপনায়।

এদিন ১৯টি মামলায় চার লাখ ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।