২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ মহামারীর মধ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

করোনাভাইরাসে নাস্তানাবুদ বাংলাদেশে আবার উঁকি দিচ্ছে ডেঙ্গু আতঙ্ক; বৃষ্টি বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর ভাইরাসবাহী এইডিস মশার উপস্থিতি।

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 12:24 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

সংশ্লিষ্টরা বলছেন, পরিদর্শনে পাওয়া মশার উপস্থিতি সতর্কবার্তা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রও বলেছেন, বিষয়টি ভাবাচ্ছে তাকে।

এ বছর ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সিটি করপোরেশনের কার্যক্রম জোরদার করার পাশাপাশি নগরবাসীকে আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার হিসাবে, চলতি বছর ১৩ জুন পর্যন্ত দেশে ৩১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনজন হাসপাতালে ভর্তি আছেন, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩০৮ জন। আক্রান্তদের সবচেয়ে বেশি ২৪৩ জনই ঢাকার।

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে চিকিৎসা পাওয়া কঠিন হয়ে যাওয়ায় এর বাইরে কতজন ডেঙ্গু আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিয়েছেন, সে তথ্য সরকারের খাতায় নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া ও এইডিসবাহিত রোগ নিমূল কর্মসূচির আওতায় মৌসুমপূর্ব জরিপ হয়েছিল গত মার্চে। স্বাস্থ্য অধিদপ্তর গত ৬ জুন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় সেই জরিপ পরবর্তী পরিদর্শন কার্যক্রম চালাচ্ছে। তবে দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) এখনও তেমন কোনো উদ্যোগ নেই।

জাতীয় ম্যালেরিয়া ও এইডিসবাহিত রোগ নির্মূল কর্মসূচি যে হিসাব দিচ্ছে, তাতে ৬ থেকে ১৩ জুন পর্যন্ত ঢাকা উত্তরের ১ হাজার ৬১১টি বাড়ি পরিদর্শন করে ৩৪১টি বাড়িতে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে। অর্থাৎ ডেঙ্গুর বাহক এইডিস মশার প্রজননক্ষেত্র হিসেবে কাজ করছে ২১ দশমিক ১৭ শতাংশ বাড়ি।

এ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আফসানা আলমগীর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এগুলো প্রাথমিক তথ্য। এসব বিশ্লেষণ করে তারা হাউজ ইনডেক্স এবং ব্রুটো ইনডেক্স বের করবেন।

জরিপে প্রতি একশ বাড়ির মধ্যে পাঁচ বা পাঁচের বেশি বাড়িতে এইডিস মশার লার্ভা বা পিউপা পাওয়া গেলে হাউজ ইনডেক্সে তা ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করা হয়।

আর ব্রুটো ইনডেক্স বের করা হয় মশার প্রজনন উৎস হিসাব করে। প্রতি একশ প্রজনন উৎসের মধ্যে ২০টি বা তার বেশিতে যদি এইডিস মশার লার্ভা বা পিউপা পাওয়া যায়, তাহলে সেটাকে ‘ঝুঁকিপূর্ণ উপস্থিতি’ বলা যায়।

আফসানা বলেন, ইনডেক্স বের করলে ডিএনসিসি এলাকায় মশার উপস্থিতির প্রকৃত চিত্র বোঝা যাবে। তবে এখন যে পরিমাণ মশা পাওয়া যাচ্ছে তা শঙ্কা জাগাচ্ছে।

“এটা মানুষকে বোঝাতে হবে। যে মশা পাওয়া যাচ্ছে তা এলার্মিং। কারণ ২৩০টি বাড়ি পরিদর্শন করে যদি ৪৬টি বাড়িতে মশা পাওয়া যায় সেটাও গুরুত্বপূর্ণ। যেসব জায়গায় আমরা মশার লার্ভা পেয়েছি, সেগুলো বেশিরভাগই বাড়ির ভেতরে। মিটারের গর্তে, কার্নিশে, মিষ্টির প্যাকেট ফেলে রেখেছে সেখানে জমে থাকা পানিতে মশা ডিম দিচ্ছে।”

বর্ষার শুরুর দিকে মশার উপস্থিতি বাড়াকে সামনের সময়ের সতর্কবার্তা হিসেবে দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এইডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির পরিদর্শনে পাওয়া তথ্য ঢাকায় এইডিস মশার ‘উচ্চমাত্রার উপস্থিতি’ নির্দেশ করে।

“যদি বাড়ির সংখ্যাই এতগুলো হয়, তাহলে ব্রুটো ইনডেক্স তো আরও বেশি হবে। এখন বৃষ্টি হয়েছে, মশা জন্মানোর সময় পেয়েছে… এই উপস্থিতি প্রমাণ করে মশার ভালোই উপস্থিতি আছে। সাধারণত মশার ঘনত্ব জুন থেকে বাড়তে শুরু করে। জুলাইয়ের শেষে মশার ঘনত্ব হব সবচেয়ে বেশি। আর অগাস্টে রোগীর সংখ্যা বাড়বে।”

তিনি বলেন, মশা নিধনে এখনই সিটি করপোরেশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মানুষের সচেতনতা বাড়ানোরও বিকল্প নেই।

“এ ব্যাপারে নাগরিকদেরও দায়িত্ব আছে। বাড়ির আশপাশ, ঘরের ভেতর মশা জন্মাতে পারে- এমন কোথাও পানি জমে আছে কি না, তা তাদের দেখতে হবে।”

ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৬ থেকে ২০ মে তাদের পাঁচটি অঞ্চলে মশক নিধনে চিরুনি অভিযান চালায়। সে সময় পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এইডিস মশার লার্ভার উৎস খোঁজার কাজটিও করেছেন ডিএনসিসির কর্মীরা। ৯ হাজার ৪৬৩টি বাড়ি পরিদর্শন করে ১৮৭টিতে তারা এইডিসের লার্ভা পান।

দ্বিতীয় দফা অভিযান শুরু হয় ৬ জুন। ১৩ জুন পর্যন্ত ৫৪টি ওয়ার্ডে ১ লাখ ৭ হাজার ৬২৮টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন ডিএনসিসির কর্মীরা। এ সময় ১ হাজার ২৬৯টিতে বাড়িতে এইডিস মশার লার্ভা এবং ৭৪ হাজার ৩০৯টি স্থাপনায় এইডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ৯ জন কীটতত্ত্ববিদ ডিএনসিসির কর্মীদের সঙ্গে পরিদর্শনের কাজটি করছেন।

“তবে যেসব বাড়িতে মশার লার্ভা পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি বলে মনে হয়, সেসব বাড়িতেই কীটতত্ত্ববিদরা বেশি যান। এ কারণে পরিদর্শনকৃত বাড়ির তুলনায় এইডিস মশার উপস্থিতি পাওয়ার হার বেশি।”

মোমিনুর রহমান মামুন বলেন, তাদের পরিদর্শনে নির্মাণাধীন স্থাপনা, খালি বাড়িতে এইডিস মশার লার্ভা বেশি পাওয়া যাচ্ছে।

“কোভিড-১৯ এর কারণে অনেক জায়গায় নির্মাণ কাজ বন্ধ আছে। অনেক বাড়িতেও মানুষ থাকে না। এসব জায়গায় মশার উপস্থিতি বেশি।”

মোমিনুর রহমান মামুন বলেন, “এখন যা পাওয়া যাচ্ছে তা গত বছর জুনের তুলনায় কম। কিন্তু জুন, জুলাই, অগাস্ট তিনটা মাসই ভালনারেবল। এ কারণে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ঢিলেভাব আনা যাবে না। এতে যে কোনো সময় মশার প্রাদুর্ভাব বেড়ে যাবে। এ কারণে আমরা মশক নিধন কর্মসূচি কঠোরভাবে চালিয়ে যাচ্ছি।”

এইডিস মশার উপস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, এ কাজে সিটি করপোরেশনের পাশাপাশি জনগণের অংশগ্রহণ জরুরি।

“আমাদের কর্মসূচি সারাবছর ধরেই চলছে। আমরা চিরুনি অভিযান চালাচ্ছি, মশার উৎসস্থল ধ্বংস করছি। জরিমানাও করছি। এইডিস মশার লার্ভা ড্রেনে নয়, জন্মাচ্ছে বাড়ির আঙ্গিনায়, বহুতল ভবনে। সিটি করপোরেশন এ ব্যাপারে একা কিছু করতে পারবে না। আমার এখনও মনে হয়, জনগণকে আরও অনেক বেশি সচেতন হতে হবে।”

মশাবাহিত রোগ ডেঙ্গু গতবছর বাংলাদেশের বড় মাথাব্যথা হয়ে উঠেছিল। সরকারি হিসাবে, পুরো বছরে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ১৭৯ জনের।

তবে দেশের সবগুলো হাসপাতালে ভর্তি এবং বাসায় থাকা রোগীদের তথ্য স্বাস্থ্য অধিদ্প্তরে না আসায় প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার কথা।

এরপর চলতি বছরের শুরুতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ বাংলাদেশে দেখা দেয় মার্চের শুরুতে। এই সঙ্কটের সময়ে ঘনবসতিপূর্ণ ঢাকা শহরে যেন আবার ডেঙ্গুর প্রার্দুভাব বাড়তে না পারে, সে বিষয়ে উচ্চ আদালত থেকেও সিটি করপোরেশনগুলোকে সতর্ক করা হয়।

 

মশার উৎপাত ফেরাচ্ছে ডেঙ্গুর ভয়  

বিভিন্ন স্থাপনায় মশার লার্ভা, ৩ লাখ টাকা জরিমানা  

রাজধানীর ১৬২ স্থাপনায় মশার লার্ভা, ৩৩ হাজার টাকা জরিমানা  

ডেঙ্গু ঠেকাতে কর্মকর্তাদের ৭ নির্দেশনা  

ডেঙ্গুর মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে আইনজীবীর মৃত্যু