বিভিন্ন স্থাপনায় মশার লার্ভা, ৩ লাখ টাকা জরিমানা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে ডেঙ্গুর বাহক এইডিস মশার লার্ভা পাওয়ায় ৩ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে চলে এই বিশেষ অভিযান, যা গত ৬ জুন থেকে শুরু হয়েছে।
উত্তর সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সিটি এলাকার ১৩ হাজার ৭৭৩টি বাড়ি, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ১৪৭টি স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়া যায়। ৯ হাজার ৭৬২টি স্থাপনায় এইডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।
এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯টি মামলায় ৩ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এসব বাড়ি ও স্থাপনার মালিককে সতর্ক করে দেওয়া হয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
তাতে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে ১ হাজার ১৩১টিতে স্থাপনায়। এছাড়া ৬৫ হাজার ৭৪৩টি স্থাপনায় এইডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ ছিল।
বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মশার উৎপাত বাড়ছে রাজধানীতে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৩০৭ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের ২৪০ জনই ঢাকার। বাকি ৬৭ জন দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
