ঘরবন্দি বর্ষাদিনে ব্যাধিমুক্ত সবুজাভ দিনের প্রার্থনা
প্রখর দাবদাহের পর ঋতুর পালাবদলে ফের বর্ষা এসেছে প্রকৃতিতে, তবে করোনাভাইরাস মহামারীর প্রকোপে বর্ষাবরণের সব আয়োজন থমকে গেছে।
সামাজিক পর্যায়ে সংক্রমণ ছড়ালে দেশব্যাপী সব আনন্দ আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। তাই প্রতি বছরের মতো এবার রাজধানীর বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষা উৎসবের আয়োজন নেই।
পহেলা আষাঢ় সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে বর্ষা উৎসবের আয়োজনও এবার হয়নি।
তবে ওই দুই অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী জানিয়েছে, ঘরবন্দি নগর জীবনে সংস্কৃতিকর্মীরা অনলাইন প্ল্যাটফর্মেই উদযাপন করেছেন এবারের বর্ষা উৎসব।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদ ফেইসবুক লাইভে বর্ষা উৎসবের আয়োজন করে। আর সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সদস্যরা তাদের গান, নৃত্য ও বর্ষাকথন আগে থেকেই রেকর্ড করে ৩৪ মিনিটের একটি অনুষ্ঠান নির্মাণ করেছে, যা তাদের ফেইসবুক পেইজ থেকে পরে প্রচার করা হয়।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী সুইট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের কারণে প্রাণচাঞ্চল্য যখন সব থমকে গেছে তখন প্রকৃতি ফিরে পেয়েছে তার সবুজাভ রূপটি। কার্বন নিঃসরণ কমে গেছে, তেলের ব্যবহার কমেছে। প্রকৃতি যেন আবার সজীব হয়ে উঠেছে।
“কৃষিনির্ভর এ দেশে বর্ষা আমাদের মনের ঋতু। প্রতিবছর বর্ষা উৎসবে আমরা এমন সবুজাভ ধরণীর প্রার্থনা করতাম, ফসল বোনার আগে আমাদের প্রার্থনা ছিল এ ঋতুতে উর্বরা হয় আমাদের মাটি। নৃত্য-গীত, ধ্বনিতে আমরা এই ঋতুবন্দনা করতাম। কিন্তু সেসব থমকে গেছে করোনাভাইরাসের কারণে।”
তবে লকডাউনের দিনগুলোতে প্রকৃতি সাম্য ও মৈত্রীর ‘বড় শিক্ষা’ দিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
“আমরা অবারিত মুক্ত দিনের প্রত্যাশায় রয়েছি। এই করোনাভাইরাস আমাদের শিখিয়েছে, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে কীভাবে চলতে হবে। প্রাণ প্রকৃতিকে রক্ষায় আমাদের সাম্য ও মৈত্রীর বন্ধন গড়ে তুলতে হবে।”
উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, “করোনাভাইরাস এসে আমাদের জানিয়ে গেল, আমরা প্রকৃতির উপর কীভাবে নিপীড়ন করেছি। আমরা নিজেদের স্বার্থে বন উজাড় করেছি, নদীনালা সব ভরাট করেছি, বায়ুকে বিষাক্ত করেছি। প্রকৃতি তাই রুষ্ট হয়েছে, তাই এখন সাজা দিচ্ছে আমাদের।
“বর্ষা ঋতুর এ প্রহরে দাঁড়িয়ে তাই আমরা শপথ নিই প্রকৃতি রক্ষার।”
আউশ ধানের এই মৌসুমে কৃষিনির্ভর অর্থনীতির দিকে নজর দেওয়ার কথাও বলেন তিনি।
“প্রতি বছর বর্ষা উৎসবে আমরা কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের সমৃদ্ধি কামনা করি, তাদের দিন বদলের প্রত্যাশা করি। করোনাভাইরাসের এ সময়ে এসে আরেকটা বড় ব্যাপারও আমরা দেখলাম, কৃষিই কিন্তু আমাদের অর্থনীতিতে বিরাটভাবে প্রভাবিত করতে পারে। তাই কৃষি ব্যবস্থার দিকে সরকারের দৃষ্টিভঙ্গি বদলাবে, এমনটাই প্রত্যাশা করি আমরা।”
এবার যেন আটঘাট বেঁধে এসেছে আষাঢ়, দেশজুড়ে বিস্তার ঘটেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর।
আবহাওয়াবিদ আবদুর রহমান খান জানান, রাজধানীর বাইরে পহেলা আষাঢ়েও ছিল বৃষ্টির দাপট। মঙ্গলবার দেশের খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, কোথাও কোথও ভারি বর্ষণ হতে পারে। আগামী তিন দিন বৃষ্টির প্রবণতা বাড়বে।
গত ২৪ ঘণ্টায় সৈয়দপুরে সর্বোচ্চ বৃষ্টি ছিল ৭০ মিলিমিটার।
