২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ সম্পদের মামলায় লোকমানের জামিন বহাল

অবৈধ সম্পদের মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে জজ আদালতের দেওয়া জামিন বহাল থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 08:29 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

তার জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদনটি শুনানির জন্য নিয়মিত আদালতে (আদালত খোলার পর) নিয়ে যেতে বলেছে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ।

সোমবার এ আদেশের পর লোকমান হোসেন ভূঁইয়ার জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।  

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। লোকমান হোসেন ভূঁইয়ার পক্ষে ছিলেন আইনজীবী শফিক আহমেদ, রুহুল কুদ্দুস কাজল।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল কাজি শামসুন নাহার কনা।

রুহুল কুদ্দুস কাজল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকের আবেদনে উচ্চ আদালত সাড়া দেয়নি। মাননীয় বিচারপতি আবেদনটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। এর ফলে লোকমান হোসেন ভূঁইয়াকে বিচারিক আদালতের দেওয়া জামিনই বহাল থাকছে।”

তবে অর্থপাচারের আরেক মামলায় তার জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ হাই কোর্টে আবেদন করবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।

গত বছর ২২ সেপ্টেম্বর মোহামেডান স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরপর ২৬ সেপ্টেম্বর লোকমানকে ঢাকার তেজগাঁও মনিপুরী পাড়ার বাসা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রথমে মাদক এবং পরে অবৈধ সম্পদ অর্জনের মামলা হয়।

এর মধ্যে অবৈধ সম্পদের মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক সাইফুল ইসলাম। গত বছর ২৭ অক্টোবর দায়ের করা ওই মামলায় অবৈধভাবে চার কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হওয়ার অভিযোগ করা হয়।

মামলা হওয়ার পর লোকমানকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

এরপর গত ১৮ মার্চ মহানগর বিশেষ জজ আদালত এ মামলায় লোকমানকে জামিন দিলে তা বাতিলের জন্য হাই কোর্টে রিভিশন আবেদন করে দুদক। এর সেই আবেদনের শুনানির জন্য তাদের আদালত খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পুরনো খবর:

দুদকের মামলায় লোকমানের জামিন