দুদকের মামলায় লোকমানের জামিন
দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া।
ঢাকার মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো বন্ধে অভিযান চালানোর পর গত ২২ সেপ্টেম্বর র্যাব লোকমানকে গ্রেপ্তার করলে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি হয়।
ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ বুধবার লোকমানকে জামিন দেন।
লোকমানকে গ্রেপ্তারের সময় তার বাড়িতে মদ পাওয়ার ঘটনায় আরেকটি মামলা করেছিল র্যাব।
সেই মামলায়ও লোকমান জামিনের আবেদন করেছেন। তবে সে মামলায় আদালতের আদেশ কী হয়েছে, তা জানা যায়নি।
গত ২৭ অক্টোবর লোকমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলাটি করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সাইফুল ইসলাম।
এজাহারে বলা হয়, লোকমান অবৈধভাবে ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন।
গত বছরের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনো বন্ধে অভিযানে নামে র্যাব। ২২ সেপ্টেম্বর মতিঝিলে মোহামেডান ক্লাবে চলে অভিযান। ওই ক্রীড়া ক্লাবে ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
এরপরে ২৬ সেপ্টেম্বর লোকমানকে তার রাজধানীর তেজগাঁও মনিপুরীপাড়ার বাসা থেকে আটক করা হয়।
