২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ বোতল মদের মামলায় ৩ দফায় ৬ দিন রিমান্ডের পর লোকমান কারাগারে

চার বোতল মদ রাখার মামলায় তিন দফায় ছয় দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ‘ডিরেক্টর ইনচার্জ’ লোকমান হোসেন ভূঁইয়া গেলেন কারাগারে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2019, 06:55 PM

Updated : 18 Aug 2022, 05:53 PM

তৃতীয় দফায় পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর রোববার তাকে ঢাকার আদালতে হাজির করেন মহানগর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই (নিরস্ত্র) মুহাম্মদ কামরুল ইসলাম।

তিনি আসামিকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়ে বলেন, “আসামি রিমান্ডে চার বোতল বিদেশি মদ হেফাজতে রাখা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা যাচাই-বাছাই হচ্ছে।

“এছাড়া আসামিকে জিজ্ঞাসাবাদে তার পরিচালিত মোহামেডান স্পোটিং ক্লাবের ক্যাসিনো পরিচালনা সংক্রান্ত কিছু তথ্য প্রদান করে, যা যাচাই-বাছাই হচ্ছে। আসামি জামিন পেলে পলাতক হওয়ার সম্ভাবনা আছে। এজন্য তাকে কারাগারে রাখা প্রয়োজন।”

অন্যদিকে আসামিপক্ষের কৌঁসুলি মকবুল হোসেন ফকির ও ঈসমাইল জামিনের আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম হাবিবুর রহমান চৌধুরী জামিন আবেদন নাকচ করে লোকমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ক্যাসিনোর টাকা লোকমান পাঠাতেন অস্ট্রেলিয়ায়: র‌্যাব  

মোহামেডানের লোকমান মদের মামলায় রিমান্ডে

রিমান্ডে ‘চতুরতা’ করছেন লোকমান-ফিরোজ

‘অস্পষ্টতা’ কাটাতে ফের পুলিশি জিজ্ঞাসাবাদে লোকমান  

মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম পরিচালক লোকমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও পরিচালক।

মতিঝিলে মোহামেডান ক্লাবের অবৈধ ক্যাসিনো বন্ধের পর গত ২৬ সেপ্টেম্বর লোকমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। চার বোতল বিদেশি মদ বাসায় পেয়ে তার বিরুদ্ধে হয় মামলা।

ওই মামলায় ২৭ সেপ্টেম্বর তাকে দুদিনের রিমান্ডে নেয় তেজগাঁও থানা পুলিশ। রিমান্ডে তিনি ‘চতুরতা’ করছেন দাবি করে তাকে আরও দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে গত ৩০ সেপ্টেম্বর ফের আদালতের অনুমতি নেওয়া হয়। এরপর তৃতীয় দফা গত বৃহস্পতিবার তাকে আরও দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

মোহামেডানের অবৈধ ক্যাসিনো থেকে আয়ের ৪১ কোটি টাকা লোকমান অস্ট্রেলিয়ায় পাচার করেছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি। তবে আরও কোনো মামলা এখনও হয়নি তার বিরুদ্ধে।

লোকমানের আইনজীবীরা বলে আসছিলেন, চার বোতল মদ রাখার সাজা ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড, যা জামিনযোগ্য। তাই এ ধরনের মামলায় রিমান্ড আবেদনই অযৌক্তিক।