রিমান্ডে ‘চতুরতা’ করছেন লোকমান-ফিরোজ
ক্যাসিনো বন্ধে অভিযানের মধ্যে গ্রেপ্তার মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এবং কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজকে আরও জিজ্ঞাসাবাদ করবে র্যাব ও পুলিশ।
গ্রেপ্তার এই দুজনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, কিন্তু তারা ‘চতুরতার’ সঙ্গে নানা প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন দাবি করে বলে মামলার তদন্ত কর্মকর্তারা ফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আবেদন করেন এবং তাতে আদালতেরও সায় মেলে।
মতিঝিলের মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো পাওয়ার কয়েকদিন পর গত ২৬ সেপ্টেম্বর লোকমানকে তার মনিপুরীপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।
ওই সময় তার বাসা থেকে চার বোতল বিদেশি মদ জব্দ করা হয়। অবৈধ মদ রাখার মামলা দেওয়ার পর সে মামলায় গত ২৭ সেপ্টেম্বর তাকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।
দুদিন জিজ্ঞাসাবাদের পর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ কামরুল ইসলাম আসামিকে সোমবার ঢাকার হাকিম আদালতে হাজির করে আরও পাঁচ দিন হেফাজতে চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, “আসামিকে দুই দিনের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামির নিয়ন্ত্রাণাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাসিনোতে অবৈধভাবে ব্যাপক পরিমাণ বিদেশি মদ, হুইস্কি আসামির নির্দেশমতে বিভিন্নভাবে সরবরাহ করে বিক্রি করা হত। জিজ্ঞাসাবাদে সে বিষয়টি চতুরতার সঙ্গে এড়িয়ে যায়।
“কিন্তু এক পর্যায়ে আসামি তার নিয়ন্ত্রাণাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবে যে সব উৎস হতে সে অবৈধভাবে বিদেশি মদ ও হুইস্কি সরবরাহ করত, সে বিষয়ে আংশিক তথ্য প্রদান করেন।
“তাই পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে তার পরিচালিত ক্লাবে ক্যাসিনোতে অবৈধভাবে সংগৃহীত বিদেশি মদ-হুইস্কি প্রাপ্তির উৎস, অপরাধের সঙ্গে জড়িত অন্যান্য প্রকৃত অপরাধীদের নাম-ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার করা সম্ভব হবে।”
পুলিশের অভিযানে মতিঝিলের মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভেতরে পাওয়া যায় জুয়া খেলার সরঞ্জাম। ছবি: আব্দুল্লাহ আল মমীন
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান আসামি লোকমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পক্ষে শুনানি করেন।
অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট মকবুল হোসেন ফকির ও ব্যারিস্টার মো. ঈসমাইল রিমান্ড বাতিল করে লোকমানের জামিন চান।
তারা বলেন, চার বোতল মদের মামলায় আর রিমান্ডের প্রয়োজন নেই। তিনি এ সম্পর্কে কিছু জানেন না। কারণ তিনি মদ রাখেননি। আর ক্লাব পরিচালনার বিষয়টি পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের বিষয়।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম আসামি লোকমানকে আরও দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে অনুমতি দেন।
মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও পরিচালক। তিনি মোহামেডানের অবৈধ ক্যাসিনো থেকে আয়ের ৪১ কোটি টাকা অস্ট্রেলিয়ায় পাচার করেছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।
ঢাকার কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি কৃষক লীগ নেতা সফিকুল আলম ফিরোজকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হয়েছিল ২১ সেপ্টেম্বর
এদিকে ক্যাসিনো বন্ধে অভিযানের শুরুতেই গত ২০ সেপ্টেম্বর কৃষক লীগের নেতা সফিকুল আলম ফিরোজকে কলাবাগান ক্লাব থেকে গ্রেপ্তারা করে র্যাব।
কলাবাগানে সাত প্যাকেট ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়ার কথা জানিয়ে ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা করেন র্যাব-২ এর কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হামিদ খান।
অস্ত্র আইনের মামলায় ফিরোজকে পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পর সোমবার ফিরোজকে ঢাকার হাকিম আদালতে নেন তদন্ত কর্মকর্তা র্যাব-২ এর এসআই জসিম উদ্দিন খান। তিনি আসামিকে আরও ১৫ দিনের হেফাজতে চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, “আসামি খুবই চালাক প্রকৃতির। তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অবৈধ প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করেছেন বলে জানা যাচ্ছে। এ আসামি ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র, গুলি এবং মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন।
“অস্ত্র, গুলি কাদের মাধ্যমে সে নিয়ে আসে এবং কাদের কাছে বিক্রয় করে তা জানার জন্য এবং মামলার ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য আসামির হেফাজতে আরও অস্ত্র, গুলি থেকে থাকলে সেসব উদ্ধারের জন্য তার ১৫ দিনের রিমান্ড প্রয়োজন।”
অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন ফিরোজের আইনজীবীরা।
তারা বলেন, আসামিকে ইতোমধ্যে ৫ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। আর রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই। তাছাড়া আসামি অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত।
শুনানি শেষে মহানগর হাকিম আতিকুল ইসলাম ৫ দিন রিমান্ডের আদেশ দেন।
