‘বন্ধু’ লোকমানের ক্যাসিনোকাণ্ডে ‘আশ্চর্য’ বিসিবি সভাপতি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলেছেন, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া তার ‘বন্ধু’ হওয়ার পরও কোনোদিন ক্যাসিনোর কথা বলেননি, তাতে তিনি ‘আশ্চর্য’ হয়েছেন।
তবে লোকমান সত্যিই দোষী হয়ে থাকলে সুষ্ঠু বিচারে তার শাস্তি হবে, এটাই প্রত্যশা করবেন বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সংসদ সদস্য।
শুক্রবার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমি যে লোকমানকে চিনি সে জীবনে মদ খায় নাই। সে জীবনে জুয়া খেলে নাই। এটা যেমন সত্যি, আবার সে যে ক্যাসিনোর জন্য (ক্লাবের কক্ষ) ভাড়া দিয়েছে- এটাও তো সত্যি। কাজেই অস্বীকার করার তো কোনো পথ নাই। সে যদি করে থাকে তাহলে তার বিচার হবে।”
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। গত রোববার মতিঝিলের ঐতিহ্যবাহী এই ক্লাবে অভিযান চালিয়ে দুটো রুলেট টেবিল, নয়টি বোর্ড, বিপুল পরিমাণ কার্ডসহ ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
এরপর বুধবার রাতে মনিপুরীপাড়ার বাসা থেকে পাঁচ বোতল মদসহ লোকমানকে গ্রেপ্তার করে র্যাবের পক্ষ থেকে বলা হয়, তিনিই ক্লাবের ঘর ক্যাসিনোর জন্য ভাড়া দিয়েছিলেন। আর ওই ক্যাসিনো চালাতেন ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর যুবলীগ নেতা এ কে এম মোমিনুল হক ওরফে সাঈদ কমিশনার।
র্যাব কর্মকর্তারা বলছেন, ক্যাসিনোর ভাড়া থেকে প্রতিদিন ৭০ হাজার টাকা করে পাচ্ছিলেন লোকমান। অস্ট্রেলিয়ার দুটি এবং দেশের কয়েকটি ব্যাংকে তার গচ্ছিত টাকার পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা লোকমান এক সময় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে ২০০৮ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগেই লোকমান গত দুই বছরে বিপুল অংকের টাকার মালিক হয়েছেন বলে তথ্য এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে। বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে তার সখ্যতা নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ নিয়ে শুক্রবার নিজের বাসায় সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হয় বিসিবি সভাপতিকে।
উত্তরে তিনি বলেন, লোকমান যদি ক্যাসিনোর কাছে ক্লাব ভাড়া দিয়ে থাকেন, এর সঙ্গে যদি তার সংশ্লিষ্টতা থাকে, তাহলে তার বিচার হবে।
“এর বাইরে কিছু নাই। এটা তো না হওয়ার কোনো কারণ নাই। যারা সংশ্লিষ্ট থাকবে তারাই ধরা পড়বে, তাদেরই বিচার হবে। আমরা আশা করি, সুষ্ঠু বিচার হোক, প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক।”
লোকমান বিসিবি সভাপতির ঘনিষ্ঠ ছিলেন বলে তার তথ্য পেতে প্রশাসনের দেরি হয়েছে- এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পাল্টা প্রশ্ন করেন নাজমুল হাসান।
“আর অন্যরা? অন্যদের তো আমি চিনিই না। যাদের এর আগে ধরলো, তাদের তো চিনিই না। তাহলে ওদের ধরতে দেরি হল কেন? আমি বুঝলাম না, ধরতে পারার সাথে এটার কী সম্পর্ক! সবচেয়ে বড় কথা, আমি কি প্রশাসনের কোথাও বলেছি যে তাকে যেন না ধরে?”
লোকমানকে ‘যেরকম’ জানতেন, তাতে এখনই তার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন ‘তার বন্ধু’ নাজমুল হাসান।
“প্রমাণিত হওয়ার আগে তো কিছু বলতে পারছি না যে আসলে ঘটনাটা কী। কারণ এখন তো অনেক কথা শোনা যাচ্ছে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা আগে দেখুক, বুঝুক আসলে কে কী করেছে। যে যা দোষ করেছে তার সেই শাস্তি হবে, এটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই।”
লোকমান যেহেতু ক্রিকেট বোর্ডের একজন পরিচালক, তার বিষয়ে বিসিবি এখন কী করবে, সেই প্রশ্ন রেখেছিলেন সাংবাদিকরা। উত্তরে বোর্ড সভাপতি বলেন, অপরাধ প্রমাণ হওয়ার পর বোর্ড সিদ্ধান্ত নেবে।
“ইটস টু আর্লি টু সে এনিথিং। বেসিক ব্যাপার হচ্ছে, যদি অন্যায় করে থাকে শাস্তি পাবে। ছাড় পাওয়ার কোনো সুযোগই নেই। আমি বিসিবিতেও কোনো ছাড় দেব না।”
ক্লাবগুলোতে এখন হঠাৎ করে ক্যাসিনো আবিস্কৃত হচ্ছে; বিসিবির কোনো তদারকি ক্লাবগুলোতে ছিল কি না- তা জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক।
উত্তরে বিসিবি সভাপতি বলেন, “আমাদের কোনো তদারকি নাই। ক্লাবে তাস খেলা হয়, এটা আমি ছোট বেলা থেকেই জানি।… কিন্তু এই তাস খেলা যে এখন ক্যাসিনোতে চলে এসেছে, সত্যি বলতে কি, আমার কোনো ধারণা ছিল না।
“লোকমান আমাকে কোনোদিন বলে নাই মোহামেডান ক্লাবে একটা ক্যাসিনো আছে। এটাও একটা আশ্চর্য। ও কিন্তু আমার বন্ধু। ও আমাকে বলে নাই, আমি নিজেও জানি না। দেখা যাক, সব বের হয়ে আসবে।”
বিসিবি পরিচালক লোকমান গ্রেপ্তার হয়েছেন, দুর্নীতির অভিযোগ পেয়ে আরেক পরিচালক মাহবুবুল আনানের কাছে সম্পদের হিসাব চেয়েছে দুদক। এ নিয়ে বিসিবি বিব্রত কি না, তা সভাপতির কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।
উত্তরে তিনি বলেন, “বিব্রত হওয়ার কিছু নেই। আমি যেটা বুঝি, কেউ যদি অন্যায় করে থাকে তার শাস্তি হবে। এটাতে তো কারো কোনো দ্বিমত হওয়ার প্রশ্নই ওঠে না। আমি এইটুক জানি, এখন মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, এটাকে ভালো না বলার কোনো কারণ কারো নাই। কারণ এইরকম একটা সাহসী পদক্ষেপ একমাত্র তার পক্ষেই নেওয়া সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না। এটা তো আজকের ব্যাপার না, অনেক বছর ধরে হয়ে আসছে।”
তবে বিষয়গুলো যেহেতু এখনও তদন্তাধীন, তারা অনৈতিক বা বেআইনি কিছু করেছেন কি না- সে বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি না নাজমুল হাসান।
“যদি ওর (লোকমান) বিদেশে কোনো টাকা থাকে, যেটার ঘোষণা সে দেয় নাই, বা সঠিকভাবে যায় নাই, তাহলে সে কেন, যে কারো বিচার হবে। খালি একজন নিয়ে ইস্যুটা না। যার আছে, তারই হবে। এখন যেহেতু এটা প্রক্রিয়াধীন। এখনও মামলা হয় নাই… মামলা হবে, তদন্ত হবে, রায় হবে, সবই বের হবে। বের হলেই বোঝা যাবে।”
