করোনাভাইরাসে আরও ২ পুলিশ সদস্যের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই পুলিশ সদস্য মারা গেছেন, এ নিয়ে মহামারীতে এই বাহিনীতে মৃতের সংখ্যা ২৭ জন হল।
সোমবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআই এস এম মুকুল মিয়া এবং কনস্টেবল আবুল হোসেন আজাদের মৃত্যুর খবর জানানো হয়।
৫৫ বছর বয়সী এসআই মুকুল মিয়া ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান।
৫১ বছর বয়সী কনস্টেবল আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোররাতে তার মৃত্যু হয়। তিনি ঢাকা ডিএমপির উত্তরা বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
উভয় পুলিশ সদস্যের মরদেহ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর লড়াইয়ে সামনের সারিতে রয়েছে পুলিশ; সে কারণে বাহিনীতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।
বাংলাদেশে আক্রান্ত ৯০ হাজারের মধ্যে পুলিশ রয়েছে ৭ হাজারের বেশি। এর মধ্যে ঢাকা মহানগরে আক্রান্ত হয়েছেন প্রায় ২ হাজার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে একজন র্যাব সদস্যসহ মোট ২৭ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তবে পুলিশের সুস্থতার সংখ্যাও বেশি। এই পর্যন্ত আক্রান্তের অর্ধেকের বেশি, তিন হাজার ৭৬৬ জন সুস্থ হয়েছেন।
