২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮৩ জন আক্রান্ত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন দপ্তরগুলোর ১৮৩ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 02:00 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের আওতাধীন কর্মীদের পরিসংখ্যান হালনাগাদ করে সোমবার এই তথ্য জানিয়েছে।

তালিকায় দেখা যায়, প্রাথমিকের ২১ জন কর্মকর্তা, নয়জন কর্মচারী, ১৪৪ জন শিক্ষক এবং নয়জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক যুগ্মসচিব মো. জোবায়েদুর রহমান এবং সহকারী পরিচালক মো. আতাউর রহমানও রয়েছেন আক্রান্তদের মধ্যে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জোবায়দুর রহমানকে প্রথমে হলিফ্যামিলি হাসপাতালে ভর্তি হলেও পরে তাকে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“জোবায়দুরের সঙ্গে তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হলেও তিনি ভালো আছেন। সহকারী পরিচালক আতাউর রহমান বাসায় আইসোলেশনে রয়েছেন।”

তালিকায় দেখা যায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, দপ্তরী কাম প্রহরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী এবং সহকারী মনিটরিং অফিসার পদের কর্মীরা রয়েছেন আক্রান্তদের মধ্যে।

তাদের মধ্যে চারজন কর্মকর্তা, একজন কর্মচারী, ২৪ জন শিক্ষক এবং চারজন শিক্ষার্থী এরমধ্যে সুস্থ হয়েছেন।

তবে চট্টগ্রামের উত্তর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা শবনম মারা গেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফসিউল্লাহ বলেন, আক্রান্তদের তালিকা তৈরি করে তারা নিয়মিতভাবে খোঁজখবর নিচ্ছেন।

“কারো যদি দেখাশোনা করার মত কেউ না থাকে তাহলে তার প্রয়োজনগুলো মেটাতে আমাদের কর্মকর্তারা কাজ করছেন। অনেক সময় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও আক্রান্তদের সম্পর্কে অবহিত করা হচ্ছে।”