২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সিনেট অধিবেশন ২৩ জুলাই পর্যন্ত মুলতবি

২০২০-২১ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট উত্থাপন সম্ভব না হওয়ায় আগামী ২৩ জুলাই পর্যন্ত সিনেটের বার্ষিক অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 02:02 AM

Updated : 18 Aug 2022, 03:12 PM

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে রোববার ডাকা অধিবেশনে বিভিন্ন কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ সিনেট সদস্যের একাংশ উপস্থিত না থাকলেও তিনজন সিন্ডিকেট সদস্য মনোনয়নসহ বেশ কিছু প্রস্তাব উত্থাপিত হয়েছে।

রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত অধিবেশন শেষে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনেটের এই বার্ষিক অধিবেশনে ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা যায়নি বলে তা উপস্থাপন ও বিবেচনার জন্য অধিবেশন আগামী ২৩ জুলাই পর্যন্ত মুলতবি করা হল।

অধিবেশনে আগামী এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক  এস এম বাহালুল মজনুন চুন্নু, শিক্ষাবিদ হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বিশিষ্ট নাগরিক হিসেবে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এ কে এম শামসুজ্জামান খানকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানকে ফিন্যান্স কমিটির (এফসি) সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে।

সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ২৫ জন সদস্যদের মধ্য থেকে সাবেক ছাত্রলীগ নেতা বাহালুল মজনুন চুন্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হন। এর আগে তিনি একটানা ১২ বছর সিন্ডিকেট সদস্য ছিলেন।

অন্যদিকে সিনেটের ৩৫ জন শিক্ষক প্রতিনিধিদের থেকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল প্যানেলের অভ্যন্তরীণ নির্বাচনে ১৫ ভোট পেয়ে পুনরায় মনোনীত হন। তার প্রতিদ্বন্দ্বী বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন ১২ ভোট পান।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ৫ বছর মেয়াদী ‘স্ট্র্যাটেজিক প্ল্যান’ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

করোনাভাইরাস সঙ্কটে অনির্ধারিত ছুটিতে অনলাইনসহ বিভিন্ন সম্ভাব্য উপায়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত ও সক্রিয় রাখার বিষয়েও আলোচনা হয়।

সাধারণত প্রতি বছর জুনের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশন ডাকা হয়। এ অধিবেশনের অন্যতম আলোচ্যসূচি থাকে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট উত্থাপন।

করোনাভাইরাস মহামারীর মধ্যেই এবার আগেভাগেই বার্ষিক সিনেট অধিবেশন ডাকায় প্রশ্নের মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

বিভিন্ন অভিযোগ ও কারণ দেখিয়ে রোববারের এই অধিবেশনে যোগ দেননি বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতির সভাপতিসহ সিনেটের প্রায় ৪০ শতাংশ সদস্য।

এসব সদস্যের একাংশ অভিযোগ,উপাচার্য তার পছন্দের কয়েকজন সিনেট সদস্যকে সিন্ডিকেটে মনোনয়ন দিতেই তড়িঘড়ি করে এ অধিবেশন ডেকেছেন।

তবে বিধি মেনেই সিনেটের অধিবেশন ডাকা হয়েছে বলে দাবি করেছেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

অধিবেশন মুলতবির বিষয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিনেটের বার্ষিক অধিবেশনে আমাদের বাজেট উত্থাপনের একটা এজেন্ডা বাকি রয়েছে। তাই আগামী ২৩ জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছে।

“এর মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের চাহিদার আলোকে বার্ষিক বাজেট প্রণয়ন করা হবে এবং সেটা ফ্যাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের অনুমোদনের পর সিনেটে উপস্থাপন করা হবে।”