শেখ আব্দুল্লার মৃত্যুতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের শোক
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লার মৃত্যুতে শোক জানিয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বলেছে, দেশ একজন ‘প্রগতিশীল অভিভাবক’কে হারিয়েছে।
ট্রাস্টের এক বিবৃতিতে বলা হয়, “হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট তার মৃত্যুতে একজন প্রগতিশীল, যোগ্য ও দক্ষ অভিভাববকে হারাল। ট্রাস্ট পরিচালনায় তার গুরুত্বপূর্ণ মতামত অসাম্প্রদায়িক বাংলাদেশের জনগণের মাঝে হিন্দুধর্মের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।”
শনিবার রাতে বেইলি রোডের বাসায় অসুস্থ হয়ে পড়লে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
তার একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফীন সে সময় বলেছিলেন, প্রতিমন্ত্রীর ‘হার্ট অ্যাটাক’ হয়েছে।
পরে রোববার সকালে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
৭৪ বছর বয়সী শেখ আবদুল্লাহ টেকনোক্র্যাট হিসেবে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
১৯৪৫ সালে গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করা আব্দুল্লাহ দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের গত কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি।
