কোভিড-১৯: বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন মারা গেছেন।
শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি-এফডিএসআর জানিয়েছে।
ডা. সাজ্জাদের ভাগ্নে ডা. মুনিজ রেজার বরাত দিয়ে এফডিএসআরের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, বিআরবি হাসপাতালে ‘দুজন রোগীকে চিকিৎসা দিতে গিয়ে’ করোনাভাইরাস সংক্রমিত হন ডা. সাজ্জাদ হোসেন। গত মাসের শেষ দিকে সংক্রমণ ধরা পড়ার পর বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
“অবস্থার অবনতি হলে গত ২৯ মে বিআরবি হাসপাতালে যান ডা. সাজ্জাদ। সেদিনই তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। অবস্থা আরও খারাপ হওয়ায় ওই দিন রাতে ডা. সাজ্জাদকে ভেন্টিলেশনে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯টায় তিনি মারা যান।”
ডা. সাজ্জাদ হোসেনের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডা. সাজ্জাদ চট্টগ্রাম মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।
