২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুল-গবেষক আবদুল কাইউমের মৃত্যু

কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য নজরুল-গবেষক অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 08:37 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সিদ্ধেশ্বরীতে নিজের বাসায় তার মৃত্যু হয় বলে ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা জানান।

৮৭ বছর বয়সী কাইউম বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শুক্রবার বিকালে তাকে আজিমপুর করবস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সচিব আবু হেনা মোস্তফা কামাল।

মোহাম্মদ আবদুল কাইউম ১৯৩১ সালের ১২ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ কাসেম ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বন্ধু।

১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং ১৯৫৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি পান অধ্যাপক কাইউম। ১৯৬৫ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। সেখান থেকেই ১৯৭৪ সালে পিএইডি ডিগ্রি পান।

কর্মজীবনের শুরুতে করাচির ইসলামিয়া কলেজে বাংলার শিক্ষক ছিলেন কাইউম। ১৯৬৭ থেকে ১৯৭৫ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন তিনি। ১৯৭৫ সালে যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ১৯৯৫ সালে অবসরে যান।

‘পাণ্ডুলিপি পাঠ ও পাঠ-সমালোচনা’, ‘অভিধান’, ‘চক বাজারের কেতাবপট্টি’, ‘উনিশ শতকে ঢাকার সাহিত্য ও সংস্কৃতি’, ‘রত্নাবতী থেকে অগ্নি-বীণা’, ‘সমকালের দর্পণে’, ‘বাঙ্গালী প্রণীত প্রথম বাংলা অভিধান’ এবং ‘নানা প্রসঙ্গে নজরুল’সহ প্রায় ত্রিশটি বই লিখেছেন অধ্যাপক কাইউম।

নজরুল-গবেষণায় অবদানের জন্য ২০০৭ সালে তিনি কবি নজরুল ইনস্টিটিউটের নজরুল-পুরস্কার পেয়েছিলেন।