নকল পণ্য: ঢাকার নিউ সুপার মার্কেটে ৪ দোকানকে জরিমানা
নকল ও অনুমোদনহীন জীবাণুনাশক বিক্রির জন্য ঢাকার নিউ সুপার মার্কেটের ৪টি দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে র্যাব।
এছাড়া পাঁচ লাখ টাকা মূল্যের নকল পণ্য জব্দ করা হয়েছে বলেও বুধবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
কোভিড-১৯ মহামারীতে জীবাণুনাশকের চাহিদা বেড়ে যাওয়ায় নকল পণ্যে ছেয়ে গেছে বাজার।
তা ধরতে বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিউ সুপার মার্কেটে অভিযান চালায় র্যাব-৪।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং সহকারী পুলিশ সুপার রিফাত বাশার তালুকদারের নেতৃত্বে এই অভিযান চলে।
খায়ের হার্ডওয়ার স্টোরের মালিক আবুল খায়েরকে (৫০) এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া কুমিল্লা হার্ডওয়ার স্টোরের মালিক আবুল কালাম (৬২), জননী হার্ডওয়ার স্টোরের মালিক আকতার হোসেন (৩৫) এবং হক এন্ড ব্রাদার্স এর মালিক মোশারফ হোসেনকে (২৭) ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
