প্রয়াত এমপি বাপ্পির ভাই মারা গেলেন কোভিড-১৯ রোগে
সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির ভাই ঢাকা কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এম শওকত ওসমান কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই হাসপাতালটির সহকারী পরিচালক কর্নেল ডা. এবিএম বেলায়েত হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (শওকত) আমাদের আইসিইউতে ছিলেন। কোভিড-১৯ সংক্রমণের পাশাপাশি কিছু শারীরিক জটিলতাও তার ছিল।”
সোমবার বিকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ড. শওকত ওসমানকে দাফন করা হয়েছে বলে তার ভাই সম্মিলিত সামরিক হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল বাছির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ড. শওকত ওসমান স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
তিনি আওয়ামী লীগের নারী সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পির বড় ছিলেন।
বাপ্পি নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে গত ২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নমুনা পরীক্ষা করে তার সোয়াইন ফ্লু সংক্রমণ ধরা পড়েছিল।
