কোভিড-১৯: আরও দুই চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় আরও দুইজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ডা. রাজিয়া সুলতানার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন বিদেশে থেকে দেশে ফেরার পর তিনি প্রাইভেট প্র্যাকটিস করছিলেন।
আর ৪৩ বছর বয়সী ডা. শাখাওয়াত হোসেন ইসলামী ব্যাংক হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগে কনসালটেন্ট ছিলেন।
সোমবার সাড়ে ৭টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজিয়া সুলতানার মৃত্যু হয় বলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ জানিয়েছে।
বিএমএর দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ শেখ শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডা. রাজিয়া সুলতানা ময়মনসিংহ মেডিকেল কলেজের (ব্যাচ ম-১৬) প্রাক্তন শিক্ষার্থী। তার স্বামী ডা. আনোয়ার হোসেনও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।
“কোভিড-১৯ আক্রান্ত হয়ে ডা. রাজিয়া সুলতানা এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সকালে সেখানেই তিনি মারা যান।”
রাজিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী।
ডা. শাখাওয়াত হোসেন, ছবি: বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন
ইসলামী ব্যাংক হাসপাতালের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এএসএম জাফর উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এখানে একজন রোগী দেখতে গিয়ে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হন। টেস্টে পজিটিভ আসায় কয়েকদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।”
শাখাওয়াতের ভগ্নিপতি সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়লে ২৯ মে বাড্ডার এএমজেড হাসপাতালে ভর্তি করা হয় শাখাওয়াতকে। সেদিন থেকেই নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিলেন তিনি।
“অবস্থা আরও খারাপ হলে ৩ মে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। আজ সকালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।”
ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস-এফডিএসআরের তথ্য অনুযায়ী, সারাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও পাঁচ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
